Sunday, July 26, 2026
Homeবাংলাদেশ২০২৫ সালে জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি

২০২৫ সালে জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি

গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

দাখিলকৃত হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দলটির আয় হয়েছে ১ কোটি ৮২ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ টাকা। বর্তমানে দলটির ব্যাংক হিসাবে ৭৮ লাখ ৬১ হাজার টাকা জমা আছে।

আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব বিবরণী জমা দেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।

হিসাব দাখিল শেষে গণমাধ্যমকে রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, ‘২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের দলের আয় ছিল ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা এবং ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। অর্থাৎ, আয়ের চেয়ে ৫ লাখ ৭৯ হাজার ১৬৩ টাকা বেশি ব্যয় হয়েছে। বর্তমানে দলের ব্যাংক হিসাবে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা জমা আছে।’

রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের সমর্থন দেবে জাতীয় পার্টি।

তিনি বলেন, ‘গতবার আমরা দলীয়ভাবে প্রার্থী দিয়েছিলাম। তবে এবার আমাদের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন এবং আমরা তাদের সমর্থন দেবো।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, আগামী স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে ভালো করব এবং কিছু অঞ্চলে আমাদের প্রার্থীরা ভালো ফল করবেন। তৃণমূলে বিভক্তির কোনো প্রভাব নেই। এমনকি দুইপক্ষের এক হওয়ার সম্ভাবনাও থাকতে পারে।’

Most Popular