এনবিএ কিংবদন্তি লেব্রন জেমসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাস্কেটবলের সর্বকালের সেরা খেলোয়াড় কে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, লেব্রন ‘হয়তো বর্ণবাদী’।
শুক্রবার লেব্রন জেমস ঘোষণা দেন, তিনি নিজের বর্ণাঢ্য ক্যারিয়ার চালিয়ে যেতে ফিলাডেলফিয়া সেভেন্টি সিক্সার্সে যোগ দিচ্ছেন। পরে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, মাইকেল জর্ডান নাকি লেব্রন, কে সর্বকালের সেরা?
জবাবে ট্রাম্প বলেন, ‘মাইকেল জর্ডান আমার বন্ধু। আমি তার সঙ্গে গলফ খেলি। সে সত্যিই দারুণ একজন মানুষ।’
এরপরই লেব্রনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি, ‘আমার মনে হয় লেব্রন, হয়তো সে বর্ণবাদী। অথবা হয়তো সে ট্রাম্পকে পছন্দ করে না। আমি জানি না। আমি শুধু তাদেরই পছন্দ করি, যারা আমাকে পছন্দ করে। তাই আমি অবশ্যই মাইকেল জর্ডানকেই বেছে নেব।’
ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি ৪১ বছর বয়সী লেব্রন জেমস।
তবে ট্রাম্প ও লেব্রনের রাজনৈতিক দ্বন্দ্ব নতুন নয়। ট্রাম্পের দুই মেয়াদেই তার কড়া সমালোচক ছিলেন লেব্রন। তিনি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন, জো বাইডেন ও কমলা হ্যারিসের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।
২০১৭ সালে এনবিএ চ্যাম্পিয়ন দলগুলোর হোয়াইট হাউস সফর নিয়ে বিতর্কের সময় ট্রাম্পকে ‘একজন বাজে মানুষ’ বলেও আখ্যা দিয়েছিলেন লেব্রন।
ক্যারিয়ারে লেব্রন চারটি এনবিএ শিরোপা জিতেছেন। মায়ামি হিটের হয়ে দুটি, ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স ও লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে একটি করে শিরোপা রয়েছে তার। চারবার হয়েছেন এনবিএর সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি)। বর্তমানে এনবিএ ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট ও সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে।
ফিলাডেলফিয়া সেভেন্টি সিক্সার্সে যোগ দিয়ে পঞ্চম এনবিএ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন লেব্রন। দলটিতে তার সঙ্গে থাকবেন জোয়েল এমবিড, টাইরিস ম্যাক্সি ও জেলেন ব্রাউনের মতো অল-স্টার তারকারা।
নতুন ক্লাবে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে লেব্রন বলেছেন, ‘আমি বিশ্বাস করি, ফিলাডেলফিয়া সেভেন্টি সিক্সার্সকে চ্যাম্পিয়ন দল হিসেবে গড়ে তুলতে আমি সাহায্য করতে পারব।’
