Sunday, July 26, 2026
Homeখেলাআর্জেন্টিনার আচরণ ‘অগ্রহণযোগ্য’, কড়া সমালোচনায় দে লা ফুয়েন্তে

আর্জেন্টিনার আচরণ ‘অগ্রহণযোগ্য’, কড়া সমালোচনায় দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছিল ম্যাচ-পরবর্তী উত্তপ্ত পরিস্থিতি। সেই ঘটনার কয়েকদিন পর আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অসহনীয়’ বলে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

স্প্যানিশ সংবাদমাধ্যম টিভিই-কে দেওয়া এক সাক্ষাৎকারে, যা পরে টিওয়াইসি স্পোর্টস প্রকাশ করে, দে লা ফুয়েন্তে বলেন, ম্যাচ শেষে প্রথমদিকে তিনি ঘটনার বিষয়ে কিছুই জানতেন না। তখন তিনি দলের সঙ্গে শিরোপা উদযাপনে ব্যস্ত ছিলেন।

‘তখন আমি কিছুই বুঝতে পারিনি। আমরা উদযাপন করছিলাম। কিন্তু যাই হোক, এমন আচরণ অসহনীয়, অগ্রহণযোগ্য। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না,’ বলেন স্পেন কোচ।

মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে জিতে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে ফিফা।

দে লা ফুয়েন্তের মতে, বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে খেলতে আসা ফুটবলার ও কোচদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‘এত বড় মাপের ফুটবলার, যাদের একজন দারুণ কোচও আছেন, তাদের এমন প্রতিক্রিয়া দেখে নিশ্চয়ই তিনিও আমাদের মতোই কষ্ট পেয়েছেন। এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না,’ বলেন ৬৫ বছর বয়সী এই কোচ।

তবে পুরো ঘটনার মধ্যে নিজের দলের খেলোয়াড়দের সংযমের ভূয়সী প্রশংসা করেছেন দে লা ফুয়েন্তে। তার দাবি, স্পেনের ফুটবলাররা কোনো উসকানিতে পা দেননি।

‘এ ধরনের আগ্রাসন ও উসকানির মুখেও আমাদের খেলোয়াড়দের আচরণ আমি বিশেষভাবে তুলে ধরতে চাই। তারা সবসময় প্রকৃত ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখেছে,’ বলেন তিনি।

বিশ্বকাপ জয়ের অনুভূতি এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারেননি বলেও জানান স্পেন কোচ, ‘দিন যত যাবে, ততই হয়তো উপলব্ধি করতে পারব আমরা কী অর্জন করেছি। এটি দীর্ঘ প্রস্তুতি আর কঠিন একটি টুর্নামেন্টের পর পাওয়া সাফল্য। তাই এর গুরুত্ব ধীরে ধীরে আরও বেশি করে অনুভব করছি।’

 

Most Popular