Tuesday, July 28, 2026
Homeবিদেশজুলাই থেকে জুলাই: দুই বছরের ব্যবধানে পুলিশের গাড়ি আটকে দেওয়ার একই দৃশ্য

জুলাই থেকে জুলাই: দুই বছরের ব্যবধানে পুলিশের গাড়ি আটকে দেওয়ার একই দৃশ্য

ভৌগোলিক সীমানা ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, তবুও প্রতিবাদের ভঙ্গি আর সাহসিকতার ভাষা যেন এক সুতোয় গাঁথা। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ঢাকার রাজপথে একটি প্রিজন ভ্যানের সামনে অকুতোভয় দাঁড়িয়ে আন্দোলনকারী নুসরাত জাহানের সেই প্রতীকী ছবি আলোড়িত করেছিল পুরো দেশকে।

প্রায় দুই বছর পর এবারের জুলাইয়ে ভারতের মুম্বাইয়ে ঠিক যেন সেই দৃশ্যেরই এক প্রতিচ্ছবি দেখা গেল এক তরুণীর চিত্রে।

দুই দেশের দুই ভিন্ন আন্দোলনের সময় তোলা হলেও ছবি দুটির দৃশ্যগত মিল অনেকের নজর কেড়েছে।

২০২৪ সালের ৩১ জুলাই ঢাকার হাইকোর্ট মাজার গেট এলাকায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সময় নুসরাত জাহানের ছবিত তোলা হয়। সেদিন পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করলে একটি প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান নুসরাত। মুহূর্তটি ক্যামেরাবন্দী হলে ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরে জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রতীকী ছবি হিসেবে পরিচিতি পায়।

অন্যদিকে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম—দ্য টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ওই তরুণীর নাম রিয়া আহির।

গতকাল বুধবার মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক বিক্ষোভ থেকে কয়েকজন আন্দোলনকারীকে আটক করলে রিয়া আহির একটি পুলিশ ভ্যানের সামনে গিয়ে দাঁড়ান। সেই মুহূর্তের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

দুই ছবি ভিন্ন দেশ ও ভিন্ন রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে তোলা হলেও, প্রতিবাদের একই ধরনের ভঙ্গি এবং দৃশ্যগত সাদৃশ্যের কারণে তা অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Most Popular