Sunday, July 26, 2026
Homeবাংলাদেশগাজীপুরে শিশু ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: আটক ১, মামলা দায়ের

গাজীপুরে শিশু ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: আটক ১, মামলা দায়ের

গাজীপুরে পৃথক দুটি স্থানে ৯ বছরের এক শিশু এবং ২০ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় একজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ এবং অপর ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর উত্তর বারেন্ডা এলাকায় গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় এক মুদি দোকানে চকলেট কিনতে গেলে দোকানের মালিক নাজিম হুদা (৫০) তার পিছু নেন এবং কৌশলে বাসার ছাদে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান।

পরে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানালে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত নাজিম হুদাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। 

অভিযুক্ত নাজিম হুদা সিরাজগঞ্জের বেলকুচি থানার দৌলতপুর গ্রামের মৃত মতিয়ারের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া থেকে মুদি দোকান চালাতেন।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় আটক নাজিম হুদাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, গাজীপুরের কালীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী নারীকে (২০) ধর্ষণচেষ্টার অভিযোগে লোকমান হোসেন (৭০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত লোকমান হোসেন উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী এলাকার মৃত তরব আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী তরুণী অভিযুক্তের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় লোকমান তাকে ডেকে ভেতরে নিয়ে যান। পরে তাকে ধর্ষণের চেষ্টা চালান। তরুণীর চিৎকারে অভিযুক্ত ভয় পেয়ে তাকে ছেড়ে দিলে তিনি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

Most Popular