Sunday, July 26, 2026
Homeবাংলাদেশনোয়াাখালীতে প্রাইভেট শিক্ষিকার বাবার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নোয়াাখালীতে প্রাইভেট শিক্ষিকার বাবার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালক কামাল উদ্দিনকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী স্কুলছাত্রী অভিযুক্তের মেয়ের কাছে নিয়মিত প্রাইভেট পড়তে যেত বলে জানা গেছে।

এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুবর্ণচরের চরজব্বর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গতকাল সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কামাল উদ্দিন ওরফে ‘সিএনজি কামাল’ চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইলিয়াছ সওদাগরের ছেলে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রী প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত কামাল উদ্দিনের মেয়ের কাছে পড়তে ওই বাড়িতে যায়। সেখানে শিক্ষিকার বাবা কামাল উদ্দিন তাকে থর্ষণ করে।

বাড়িতে ফিরে ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারকে জানালে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। একই দিন সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা খাসের হাট রাস্তার মাথা এলাকা থেকে কামাল উদ্দিনকে আটক ও মারধর করেন এবং পরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ওসি মো. রফিকুল হাসান বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং আদালতে জবানবন্দি রেকর্ড করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Most Popular