Monday, July 27, 2026
Homeবাংলাদেশযশোরে ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

যশোরে ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

যশোরের শার্শা উপজেলায় ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী।

পুলিশ জানায়, আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার গোগা গ্রামের সালামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর কোতোয়ালি থানার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে নাহিদ হোসেন (৩০) এবং বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জামাত আলীর ছেলে ঊষা রহমান (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে চড়ে তিনজন রুদ্রপুর সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নাহিদ ও ঊষা রহমান ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেলের আরেক আরোহী দৌলতপুর গ্রামের রুবেল হোসেন (২৭) গুরুতর আহত হন।

স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল হক বলেন, পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। পালিয়ে যাওয়া ট্রলিচালককেও শনাক্ত করার চেষ্টা চলছে। ট্রলিটি জব্দ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Most Popular