Thursday, July 16, 2026
Homeখেলাআর্জেন্টিনাকে খোঁচা ক্যাসিয়াসের, ‘চতুর্থ তারকা পাবে না’

আর্জেন্টিনাকে খোঁচা ক্যাসিয়াসের, ‘চতুর্থ তারকা পাবে না’

ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক মন্তব্য করে আলোচনায় এসেছেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের কৌশলের তীব্র সমালোচনা করার পাশাপাশি আর্জেন্টিনাকেও দিয়েছেন স্পষ্ট বার্তা, ‘চতুর্থ তারকা পাবে না।’

বুধবার রাতে বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ডের রক্ষণাত্মক কৌশলের সমালোচনা করে ক্যাসিয়াস লেখেন, ‘গোল করার পরই তারা পিছিয়ে গেল। ভীতু কৌশল। নিজেদের বক্স থেকেই বের হয়নি, ফলে আর্জেন্টিনা আরও বেশি আক্রমণ করার সুযোগ পেয়েছে। ফল যা হয়েছে, সেটাই স্বাভাবিক।’

ম্যাচ শেষ হওয়ার পরও ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন ২০১০ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক, ‘নিজেদের কৌশলের কারণেই ইংল্যান্ড ম্যাচটি হেরেছে। প্রায় ৩০ মিনিট তারা আর্জেন্টিনাকেই পুরো খেলার নিয়ন্ত্রণ নিতে দিয়েছে। এটা হতে পারে না। এখন স্পেন বনাম আর্জেন্টিনা, অসাধারণ একটি ফাইনাল অপেক্ষা করছে।’

এরপরই আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে আরও খোঁচা দেন ক্যাসিয়াস। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি লেখেন, ‘তোমরা চতুর্থ তারকা পাবে না।’

পরে আরেকটি পোস্টে স্পেনকে সমর্থন জানিয়ে যোগ করেন, ‘চতুর্থ তারকা নয়, এবার দ্বিতীয় তারকার জন্য লড়াই। চলো স্পেন!’

রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক খেলোয়াড়ি জীবনে বহুবার লিওনেল মেসির মুখোমুখি হয়েছেন এল ক্লাসিকোতে। এবারও ফাইনালে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে থামানোর আশা করছেন তিনি।

সেমিফাইনালে প্রথমে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার দুর্দান্ত গোল এবং যোগ করা সময়ে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে লাউতারো মার্তিনেজের হেডে নাটকীয় জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

এই জয়ে বিশ্বকাপ ইতিহাসে সপ্তমবারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এখন তাদের সামনে সুযোগ রয়েছে স্পেনকে হারিয়ে ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের। নিউইয়র্ক/নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালটি হবে আগামী ১৯ জুলাই।

 

Most Popular