ইংল্যান্ডকে প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন জুড বেলিংহ্যাম। নকআউট পর্বে টানা দুই ম্যাচে জোড়া গোল করে দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার পর এবার তাকে ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের সঙ্গে তুলনা করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরি।
বিশ্বকাপের শুরু থেকেই বেলিংহ্যামের ওপর আস্থা ছিল টেরির। সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জোড়া গোলের পর। এর আগে শেষ ষোলোতে সহ-আয়োজক মেক্সিকো সিটির বিপক্ষেও ৩-২ গোলের নাটকীয় জয়ে দুটি গোল করেছিলেন এই মিডফিল্ডার।
ফিফা পডকাস্টে টেরি বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলাম, ও আমাকে জিদানের কথা মনে করিয়ে দেয়। এই মুহূর্তে সে একাই দলকে টেনে নিয়ে যাচ্ছে। আমার মতে, সে বিশ্বমানের খেলোয়াড়। মাঠের বাইরেও ওর কথা শুনলে বোঝা যায়, ওর মধ্যে দারুণ শান্ত স্বভাব আছে।’
টেরির এই তুলনার সঙ্গে একমত হয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভাও। তার মতে, বড় ম্যাচে যেভাবে বেলিংহ্যাম দায়িত্ব নিচ্ছেন, সেটি জিদানের কথা মনে করিয়ে দেয়।
গিলবার্তো বলেন, ‘বড় ম্যাচে বড় খেলোয়াড়দেরই এগিয়ে আসতে হয়। গত দুই বছরে, আগে রিয়াল মাদ্রিদের হয়ে এবং এখন বিশ্বকাপে, বেলিংহ্যাম সেটাই করে দেখিয়েছে। আমি মনে করি, তার কাছ থেকে আরও অনেক কিছু দেখার বাকি। জন টেরির জিদানের সঙ্গে তুলনাটা যথার্থ।’
মিয়ামিতে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন একটি বিশ্বকাপ রেকর্ডও গড়েছেন বেলিংহ্যাম। বিশ্বকাপের এক আসরে ছয় গোল করা প্রথম মিডফিল্ডার তিনি। তার দুর্দান্ত ফর্মে ভর করেই সেমিফাইনালে পুরোনো প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।
তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং লিওনেল মেসিকে নিয়ে খুব একটা চিন্তিত নন টেরি। বরং তার বিশ্বাস, শিরোপা জয়ের জন্য এবার ভাগ্যও ইংল্যান্ডের পক্ষেই আছে। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি আর্জেন্টিনাকে নিয়ে চিন্তিত নই। আমি মনে করি না তারা আমাদের চেয়ে ভালো দল। খেলোয়াড় ধরে ধরে তুলনা করলে আমরাই এগিয়ে।’
ইংল্যান্ড দলকে নিয়ে নিজের আশাবাদও প্রকাশ করেন সাবেক এই ডিফেন্ডার, ‘বর্তমান ইংল্যান্ড দলের সবচেয়ে ভালো দিক হলো, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা ঠিকই সফল হচ্ছি। আমাদের ভালো একটি দল আছে, কিন্তু তার চেয়েও বড় কথা, মনে হচ্ছে সবকিছুই আমাদের পক্ষে যাচ্ছে। আমার মনে হচ্ছে, এবার ইংল্যান্ডেরই সময়।’
