Sunday, July 12, 2026
Homeবাংলাদেশসংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

স্বজন, দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা এবং সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধা-ভালোবাসায় জাতীয় সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

আজ রোববার বিকেলে জানাজা শেষে তাকে সেখানে সমাহিত করা হয়।

যে অঙ্গনে তিনি সংসদ পরিচালনা করেছেন, সেই প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত হওয়ায় শেষ বিদায়ে অংশগ্রহণকারীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মণি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, বিচারপতি, আইনজীবী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

জানাজার আগে ও পরে প্রিয় এই রাজনীতিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত মানুষের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল মাগফিরাতের দোয়া। দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় জীবনের সহকর্মীরা স্মরণ করেন তার প্রজ্ঞা, সৌজন্য, বিনয় ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের কথা।

দোয়া ও অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় দেশের এই বর্ষীয়ান রাজনীতিক, প্রথিতযশা আইনজ্ঞ ও সংসদীয় গণতন্ত্রের এক নিবেদিতপ্রাণ অভিভাবকের শেষ যাত্রার আনুষ্ঠানিকতা। তার বিদায়ে দেশের রাজনৈতিক অঙ্গন ও সংসদীয় পরিম-লে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানাজায় অংশগ্রহণ ও তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি দেন রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব এএসএম বাহাউদ্দিন, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও অন্যান্য হুইপ এবং সংসদ সচিবালয়ের পক্ষে সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া ও কর্মকর্তারা।

শ্রদ্ধাঞ্জলি শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ ১২ জুলাই ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

Most Popular