Saturday, July 11, 2026
Homeখেলাআইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি ব্যারিস্টার শুক্লা

আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি ব্যারিস্টার শুক্লা

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার (বিডব্লিউএসএ) সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ‘আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’-এ দেশের প্রতিনিধিত্ব করছেন। খেলাধুলায় লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আয়োজিত এটিই বিশ্বের বৃহত্তম সম্মেলন।

বার্মিংহামে ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত চলমান তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বজুড়ে ক্রীড়া প্রশাসক, নীতি-নির্ধারক ও ক্রীড়াবিদসহ প্রায় ১ হাজার ২০০ প্রতিনিধি অংশ নিয়েছেন।

ব্যারিস্টার শুক্লা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এবারের সম্মেলনে তিনি আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব ও অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সাথে বিভিন্ন নেটওয়ার্কিং সেশন ও আলোচনায় অংশ নিচ্ছেন।

যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ব্যারিস্টার শুক্লা জানান, এই সম্মেলনটি ক্রীড়া বিষয়ে সেরা বৈশ্বিক অভিজ্ঞতাগুলো থেকে শেখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরার একটি বড় সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, ‘এই বৈশ্বিক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা খেলাধুলায় নারীর নেতৃত্ব ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো নিজেদের প্রেক্ষাপটে প্রয়োগ করতে চাই। পাশাপাশি বাংলাদেশের অর্জনগুলোকেও সবার সামনে তুলে ধরতে চাই।’

খেলাধুলায় নারীদের সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি সরকারি কমিটিতে সম্প্রতি ব্যারিস্টার শুক্লাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Most Popular