Saturday, July 11, 2026
Homeবাংলাদেশটেকনাফে পাহাড় থেকে ২০০ ফুট নিচে পড়ে বন্য হাতি আহত

টেকনাফে পাহাড় থেকে ২০০ ফুট নিচে পড়ে বন্য হাতি আহত

কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি গুরুতর আহত হয়েছে।

আজ শনিবার বিকেল ৩টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইটংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ ও উখিয়ার সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আনুমানিক ২০০ ফুট ওপর থেকে হাতিটি পড়ে গেছে। এর পেটে দুটি গুরুতর আঘাত রয়েছে এবং পেছনের দুই পা নাড়াতে পারছে না।’

বন বিভাগ সূত্রে জানা গেছে, পাহাড়ের ঢালে গাছপালা খাওয়ার সময় বৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটিতে পা পিছলে খাড়া ঢাল বেয়ে নিচে পড়ে যায় হাতিটি। গুরুতর আহত হয়ে দাঁড়ানোর ক্ষমতা হারায় প্রাণিটি। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতাল ও দুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসকদের সহায়তায় হাতিটির জরুরি চিকিৎসা শুরু করেন।

ঘটনাস্থল পরিদর্শনের পর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরীও একই কথা জানান। তিনি বলেন, ‘হাতিটি মাটিতে পড়ে আছে এবং সামান্য নড়াচড়া করতে পারছে। পেছনের দুই পা নাড়াতে পারছে না এবং পেটেও আঘাত লেগেছে।’

সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম বলেন, আগামী কয়েক দিন নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা গেলে হাতিটি সুস্থ হয়ে উঠতে পারে বলে তারা আশাবাদী।

Most Popular