Monday, July 6, 2026
Homeবাংলাদেশগণভোট ও জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি: নাহিদ ইসলাম

গণভোট ও জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি: নাহিদ ইসলাম

বিএনপি সরকার গণভোটের ফল ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এলাকায় ‘দেশব্যাপী জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘মানুষ ন্যায়ের পক্ষে এবং সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু বিএনপি সরকার এখন গণভোট ও জুলাই সনদকে অস্বীকার করছে। জনগণের সঙ্গে প্রতারণা করছে, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।’

তিনি বলেন, এনসিপি পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করছে। এর মধ্যে রয়েছে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন, প্রয়োজনীয় সংস্কার এবং দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করা।

বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। সরকার বিদ্যুৎ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেও বাজেটে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তিনি ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই কক্সবাজারকে মাদক কারবারের কেন্দ্র বলে মন্তব্য করেছেন।

তিনি অভিযোগ করেন, সরকার নিজ এলাকার মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারবে না। একইসঙ্গে মাদকবিরোধী কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ওই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে জুলাই সনদ কার্যকর করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করতে হবে।

একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এছাড়া বিভিন্ন জেলা ও উপজেলায় ‘মামলা বাণিজ্য’, নিরীহ মানুষের নামে মামলা এবং হয়রানির অভিযোগ তুলে তিনি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

Most Popular