গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকে স্বামী আল আমিন (৩২) পলাতক আছেন।
আজ সোমবার দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিলি বেগম (৩০) ওই গ্রামের মিজান শেখের মেয়ে। ১২ বছর আগে আল আমিনের সঙ্গে তার বিয়ে হয়। এ দম্পতির তিন সন্তান রয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
মিলির পরিবারের বরাতে রাতইল ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম জানান, দুপুরে আল আমিন ও মিলি একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। কিছুক্ষণ পর আল আমিন একাই ফিরে এসে ঘর থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যান।
দীর্ঘ সময় পার হলেও মিলি বাড়িতে না ফেরায় তার মা পুকুরপাড়ে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় মেয়েকে দেখতে পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পান।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি মাহফুজুর বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
