বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। তবে ম্যাচের আগে দুই কোচকে ঘিরে তৈরি হওয়া ছোট্ট বিতর্কের সুন্দর সমাপ্তি ঘটালেন কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে নিজের নাম লেখা ব্রাজিলের জার্সি উপহার পাঠিয়ে নরওয়ের কোচ স্টালে সোলবাকেনের মন জয় করেছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
সোমবার সংবাদ সম্মেলনে সোলবাকেন জানান, আনচেলত্তির এই আচরণ তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি বলেন, ‘আমি বলতে পারি, ম্যাচের পর তিনি (আনচেলত্তি) যে মহত্ত্বের পরিচয় দিয়েছেন, তা অসাধারণ। তিনি একজন প্রতিনিধির মাধ্যমে আমার নাম লেখা ব্রাজিলের একটি জার্সি এবং একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সত্যিই এটি ছিল দারুণ একটি ব্যাপার।’
ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে সোলবাকেনকে বলতে শোনা যায়, ‘কার্লো আনচেলত্তি, আমরা আসছি!’ ভিডিওটি নিয়ে ব্রাজিলের অনেক সমর্থক ক্ষুব্ধ হন। তবে নরওয়ের ৫৮ বছর বয়সী কোচের দাবি, মন্তব্যটি প্রসঙ্গ থেকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। আর আনচেলত্তির আচরণেই বোঝা গেছে, তিনি বিষয়টি নিয়ে কোনো মনোমালিন্য পুষে রাখেননি।
রোববার নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। শেষ আটে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
ঐতিহাসিক এই জয়ের পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্যাপনের সুযোগ দিলেও নিজের রাতটা খুব একটা ভালো কাটেনি বলে জানান সোলবাকেন, ‘আমি সাপোর্ট স্টাফদের বলেছিলাম, তারা যেন নিজেদের মতো করে উদ্যাপন করে। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে বিছানায় চলে যাই। এরপর আবার ম্যাচটি দেখেছি, কিছুক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটেছি, কয়েকটি বার্তার উত্তর দিয়েছি। খুব কম ঘুম হয়েছে। তবে সকালে ঘুম থেকে উঠে দারুণ অনুভূতি হচ্ছিল।’
খেলোয়াড়দের উদ্যাপনের বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত ওরাই নেয়। স্বাধীনতা আছে, তবে দায়িত্বও আছে। সবসময়ই এমন থাকে। এই ছেলেরা খুব ভালোভাবেই জানে কীভাবে সবকিছু সামলাতে হয়।
ব্রাজিলকে হারানোর স্মরণীয় রাতের পর এখন নরওয়ের চোখ কোয়ার্টার ফাইনালে। আগামী শনিবার মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সোলবাকেনের দল।
