Sunday, July 5, 2026
Homeবাংলাদেশকুমিল্লায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে বিএনপি কর্মী আটক

কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে বিএনপি কর্মী আটক

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে খোকন নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

খোকনের বাড়ি বারপাড়া ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামে। তিনি স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরই খোকনকে আটক করে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর বাজারের মোল্লা মার্কেটের একটি লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বারপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম বলেন, খোকন দলের কোনো পদধারী নেতা নন, তিনি একজন সাধারণ কর্মী মাত্র। 

তিনি বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আটক খোকনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় শুধু তাকেই আসামি করা হয়েছে।

Most Popular