চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. বেলাল (৩২) ফটিকছড়ি উপজেলার ভূজপুর-নারায়ণহাট এলাকার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ অ্যাপ ব্যবহার করে একটি মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করার পর চুরির অভিযোগে বেলালকে আটক করেন স্থানীয়রা।
‘পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন’, বলেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
