Saturday, July 4, 2026
Homeবাংলাদেশ৩ কেজি ওজনের ইলিশ বিক্রি হলো প্রায় ২৩ হাজার টাকায়

৩ কেজি ওজনের ইলিশ বিক্রি হলো প্রায় ২৩ হাজার টাকায়

চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটের আড়তে ৩ কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ২২ হাজার ৭৯৮ টাকায়।

আজ শনিবার ইলিশটি কেনেন চাঁদপুরের মৎস্য ব্যবসায়ী মো. হাবিব। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, অনলাইন মার্কেটে বড় মাছের অনেক চাহিদা থাকায় তিনি এই মাছটি কিনেছেন।

ওই বাজারের মাছ ব্যবসায়ী নবীর হোসেন জানান, সকালে হাতিয়ার সাগর অঞ্চল থেকে জেলেরা অন্যান্য মাছের সঙ্গে এই মাছটি ধরে চাঁদপুর মাছঘাটে বিক্রির জন্য নিয়ে আসেন।

পরে ওই বাজারের মাছ ব্যবসায়ী বাবুল হাজীর গদিতে শুধু এই ইলিশটি পাইকারি দরে নিলামে কিনে নেন হাবিব।

চলতি মৌসুমে চাঁদপুরের আড়তে আসা এটিই সবচেয়ে বড় ইলিশ বলে ডেইলি স্টারকে জানিয়েছেন মাছ ব্যবসায়ী বাবুল হাজী। তিনি বলেন, ‘এই ইলিশ মৌসুমে এবারই আমরা এত বড় মাছ পেয়েছি।’

এদিকে, মৌসুম শুরু হয়ে গেলেও বড় আকারের মাছের ঘাটতি রয়েছে বলে জানান চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত।

তিনি ডেইলি স্টারকে বলেন, ‘ইলিশের পূর্ণ মৌসুম চলে আসছে। কিন্তু মাছের দেখা মিলছে না। গত বছর এ সময় যেখানে চাঁদপুরের পদ্মা-মেঘনা থেকে প্রতিদিন একশ থেকে দেড়শ মণ মাছ পাওয়া যেত। সেখানে এখন মাত্র ১০ থেকে ১৫ মণের বেশি মাছ উঠছে না।’

‘দামও আগের চেয়ে অনেক কম। আজকের বাজারে এক কেজির ইলিশ ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ৮০০-৯০০ গ্রামের মাছ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা এবং ৫০০-৬০০ গ্রামের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে,’ যোগ করেন তিনি।

এ ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘এর মধ্যে বড় মাছ নেই বললেই চলে। ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরা বন্ধ থাকায় ইলিশ তেমন একটা আসছে না। তবে আগামী আগস্ট-সেপ্টেম্বরে কিছুটা বেশি পরিমাণে মাছ পাওয়া যেতে পারে বলে আমরা ধারণা করছি।’

Most Popular