Saturday, July 4, 2026
Homeবাংলাদেশনারায়ণগঞ্জে শ্রমিক হত্যা মামলায় এনসিপির সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা মামলায় এনসিপির সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শ্রমিক হত্যা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

তিনি জানান, বন্দরে সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে নিহত হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকা ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি কার্যক্রম শেষে তাদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তাররা হলেন—হত্যা মামলার এক নম্বর আসামি উপজেলার সালেহনগর এলাকার খলিল মিয়ার ছেলে শোয়াইব রহমান সোহেব (৪২) ও ১০ নম্বর আসামি বন্দর শাহী মসজিদ এলাকার বছিরের ছেলে মো. সুমন (৩৮)।

তাদের মধ্যে শোয়াইব রহমান সোহেব গত বছরের ২ জুন গঠিত এনসিপির বন্দর উপজেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

এ বিষয়ে এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান জানান, শোয়াইব রহমান বর্তমানে দলের কোনো কমিটিতে নেই। বিভিন্ন অভিযোগ ও বিতর্কের কারণে তাকে পরবর্তী কোনো কমিটিতে রাখা হয়নি।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ৩ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সালেহনগর এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে টাকা লেনদেন নিয়ে সালিশ বৈঠক চলাকালীন হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন আলমগীর হোসেন। পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর পর বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলাটি করেন।

Most Popular