Friday, July 3, 2026
Homeখেলামেসিকে আটকাতে পারবেন ভোজিনহা?

মেসিকে আটকাতে পারবেন ভোজিনহা?

বেশির ভাগ গোলরক্ষকের কাছে বিশ্বকাপের নকআউট পর্বে লিওনেল মেসির মুখোমুখি হওয়া মানেই দুঃস্বপ্ন। কিন্তু কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার কাছে সেটিই জীবনের সবচেয়ে বড় স্বপ্নপূরণের মুহূর্ত।

কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জীবনে অন্তত একবার হলেও যেন বিশ্বকাপের মঞ্চে মেসির বিপক্ষে গোলপোস্টের নিচে দাঁড়ানোর সুযোগ পান। এবার সেই ইচ্ছাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। কারণ, শেষ বত্রিশে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে কেপ ভার্দে।

২০২৬ বিশ্বকাপে ইতোমধ্যেই রূপকথার গল্প লিখেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। শুধু তাই নয়, গ্রুপ ‘এইচ’-এ অপরাজিত থেকে রানার্সআপ হয়েছে কেপ ভার্দে। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর সৌদি আরবের বিপক্ষেও সমতা এনে শেষ বত্রিশ নিশ্চিত করে তারা।

এই অবিশ্বাস্য যাত্রার অন্যতম বড় নায়ক ভোজিনহা।

উত্তর আমেরিকার বিশ্বকাপে অভিজ্ঞ এই গোলরক্ষক নিজেকে নতুন করে চিনিয়েছেন ফুটবল বিশ্বকে। স্পেন ও সৌদি আরবের বিপক্ষে কোনো গোল হজম করেননি তিনি। উরুগুয়ের বিপক্ষে গোল খেয়েছেন মাত্র দুটি।

বিশেষ করে স্পেনের বিপক্ষে সাতটি দুর্দান্ত সেভ করে আলোচনায় উঠে আসেন ভোজিনহা। পুরো গ্রুপ পর্বে তার মোট ১১টি সেভই কেপ ভার্দেকে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে দিতে বড় ভূমিকা রেখেছে।

তবে এবার অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষা।

মায়ামিতে তার সামনে দাঁড়াবেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে ছয় গোল করা আর্জেন্টাইন অধিনায়ক এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন।

অবশ্য মেসিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা কখনো লুকাননি ভোজিনহা, ‘আমি আশা করি, একদিন যেন মেসির বিপক্ষে খেলতে পারি। কারণ, আমার কাছে তিনি অসাধারণ একজন ফুটবলার। আমি বিশ্বাস করি, শুধু আমিই নই, আরও অনেক মানুষ তাকে একইভাবে শ্রদ্ধা করে।’

এবার সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে তিনি।

ভোজিনিয়ার সামনে থাকবেন রবার্তো ‘পিকো’ লোপেসের নেতৃত্বে কেপ ভার্দের সেই রক্ষণভাগ, যাদের এখন অনেকে ‘কেপ ভার্দের দেয়াল’ বলেই ডাকছেন।

তবে আর্জেন্টিনা অধিনায়ককে ঠেকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সহকারী কোচ উমবের্তো বেত্তেনকুর। তার মতে, মেসিকে আলাদা করে মার্কিং করার পরিবর্তে দলগত রক্ষণেই আস্থা রাখছে কেপ ভার্দে।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য ম্যাচটি শিরোপা ধরে রাখার অভিযানের আরেকটি ধাপ। আর ভোজিনহা ও তার সতীর্থদের জন্য এটি শুধু আরেকটি ম্যাচ নয়; বরং বিশ্বকাপের রূপকথার যাত্রা আরও দীর্ঘ করার এবং জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটিকে বাস্তবে ছুঁয়ে দেখার সুযোগ।

 

Most Popular