Friday, July 3, 2026
Homeবাংলাদেশপিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

পিরোজপুর সদর উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

এদিন ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম।

গ্রেপ্তার তিনজন হলেন, কদমতলা গ্রামের বাদশা স্বর্ণময়ের ছেলে মোহাম্মদ হাসান ওরফে মেহেদী হাসান (২৭), আক্কাস শেখের ছেলে আল আমিন শেখ (২৬) ও পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি গ্রামের আলী হোসেন।

মনজুর জানান, মেহেদী হাসান ও আল আমিনকে প্রথমে উপজেলার কদমতলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী তেজদাসকাঠি গ্রাম থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী ও আল আমিন জানান, ৩০ হাজার টাকার বিনিময়ে তারা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি আলী হোসেনের কাছে বিক্রি করেছেন। আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি পাওয়া যায়।

এ ঘটনায় পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রাধা রমণ ভৌমিক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, আলী হোসেনের বিরুদ্ধে খুলনার দিঘলিয়া থানায় চুরি ও চোরাই মালামাল রাখার অভিযোগে দুটি মামলা রয়েছে।

আল আমিন শেখের বিরুদ্ধেও পিরোজপুর সদর থানা এবং গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় হত্যাচেষ্টা, অপহরণ, গুরুতর আঘাত করা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তিনটি পৃথক মামলা রয়েছে।

Most Popular