Thursday, July 2, 2026
Homeবাংলাদেশটেকনাফে সীমান্তের ওপারে মিয়ানমারের বিমান হামলা

টেকনাফে সীমান্তের ওপারে মিয়ানমারের বিমান হামলা

বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রায় সাত মাস বিরতির পর গতকাল বুধবার রাতে এই হামলার শব্দ বাংলাদেশ সীমান্তবর্তী টেকনাফ এলাকার বিভিন্ন গ্রামে শোনা যায়। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে পরপর চারটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে টেকনাফের জাদিমুরা থেকে শুরু করে শাহ পরীর দ্বীপ পর্যন্ত বাড়িঘর কেঁপে ওঠে এবং অনেকে ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে।

শাহ পরীর দ্বীপের নাফ নদীসংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ সালাম বলেন, হঠাৎ তীব্র কম্পনে মনে হচ্ছিল যেন পুরো মাটি কাঁপছে। 

তিনি পরপর চারটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং প্রথম বিস্ফোরণের পরই নাফ নদীর ওপারে আগুনের শিখা দেখতে পান। তার ধারণা, বিস্ফোরণগুলো মিয়ানমারের ভেতরেই ঘটেছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবুল ফয়েজ বলেন, বিকট শব্দ শুনে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। শিশু ও বৃদ্ধদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে বুধবার সকালে রাখাইনের বুচিডং ও মংডু এলাকায় বিমান হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনী। রোহিঙ্গাদের কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপে দাবি করা হয়েছে, ওই হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এর আগে সর্বশেষ বড় ধরনের সীমান্ত-প্রভাবিত ঘটনা ঘটে গত বছরের ২৮ ডিসেম্বর, যখন আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষের শব্দ উখিয়া–টেকনাফ সীমান্ত পর্যন্ত শোনা গিয়েছিল।

আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা রাখাইনের এলাকাগুলোতে গত কয়েক মাস ধরে মিয়ানমার সেনাবাহিনী প্রায় নিষ্ক্রিয় ছিল। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বুধবার সকালে বুচিডং এলাকায় সেনাবাহিনী বিমান হামলা চালায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনিক চৌধুরী জানান, মিয়ানমার থেকে আসা বিকট বিস্ফোরণের শব্দ টেকনাফের সীমান্ত এলাকায় শোনা গেছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি সীমান্তবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ইউএনও আরও জানান, মংডু ও বুচিডং টাউনশিপে এই বিমান হামলা চালানো হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন।

Most Popular