Wednesday, July 1, 2026
Homeখেলাফ্রান্স নয়, স্পেনই সবার সেরা, বলছেন ইয়ামাল

ফ্রান্স নয়, স্পেনই সবার সেরা, বলছেন ইয়ামাল

বিশ্বকাপে গোলবন্যা বইয়ে চলেছে ফ্রান্স। শুধু গোলের সংখ্যায় নয়, আক্রমণাত্মক ফুটবলের চূড়ান্ত নিদর্শন রাখছে দিদিয়ের দেশমের দল। ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, এই ফ্রান্সকে আটকানোর সামর্থ্য কারোর আছে কি না। তবে লামিন ইয়ামাল এই দলের অন্তর্ভুক্ত নন। তিনি বলছেন, ফ্রান্স কোনোভাবেই স্পেনের চেয়ে সেরা নয়। 

স্পেনের একটি রেডিও অনুষ্ঠানের সাথে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন তরুণ ফুটবলার ইয়ামাল। বার্সেলোনার এই তারকা বলেছেন, ‘ফ্রান্স তো গত ইউরোর সময় থেকেই আমাদের হারাতে পারেনি। তারা কীভাবে আমাদের চেয়ে ভালো হয়? তারা দারুণ ফুটবল খেলছে, অসাধারণ কিছু ফুটবলার আছে, তবে আমি মনে করি না তারা বাকিদের চেয়ে এক ধাপ উপরে। আমার মতে, স্পেনের চেয়ে সেরা কোনো দল নেই’।

২০২৪ ইউরোতে শিরোপা জয়ের পথে সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছিল স্পেন। ২০২৪-২৫ মৌসুমের ন্যাশনস লীগের সেমিফাইনালেও স্পেনের কাছে ৫-৪ গোলে হেরেছিল ফ্রান্স। 

নিজ নিজ ম্যাচ জিতে এগোতে পারলে সেমিফাইনালে দেখা হবে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেনের। টুর্নামেন্টে এখনও ঠিক স্পেন-সুলভ খেলা খেলতে পারেননি ইয়ামালরা। তবে লামিনের দাবি, তাদের ম্যাচগুলো সহজ ছিল না, ‘সবাই আমাদের কাছে আরও ভালো ফুটবল আশা করে। তবে এটাও দেখতে হবে, আমরা যাদের মুখোমুখি হয়েছি সবাই ভিন্ন ভিন্ন রকমের দল, এবং কেউই ইউরোপের নয়। বেশ কিছু কঠিন ম্যাচ খেলেছি আমরা, বিশেষ করে শেষ ম্যাচটা (উরুগুয়ের বিপক্ষে)’। 

প্রতিপক্ষদের সতর্ক করে দিয়ে বার্সেলোনা তারকা বলছেন, স্পেনের সেরাটা এখনও আসা বাকি, আর সেই সেরা ফুটবলের দেখা মিললে স্পেনকে ‘প্রায় অপ্রতিরোধ্য’ হিসেবে দেখছেন ইয়ামাল, ‘আমার মনে হয় না আমরা এখনও দারুণ ম্যাচ খেলতে পেরেছি। একবার আমরা নিজেদের সেরা ফর্মের দেখা পেয়ে গেলে আমরা প্রায় অজেয় দলে পরিণত হব’। 

Most Popular