Thursday, June 18, 2026
Homeবাংলাদেশবালুভর্তি ট্রাক উল্টে রেললাইনের ওপর, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

বালুভর্তি ট্রাক উল্টে রেললাইনের ওপর, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে গেছে। এর জেরে কুড়িগ্রামের সঙ্গে ঢাকাসহ অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীরা।

আজ সকালে রাজারহাটে একটি পেট্রলপাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি উল্টে যাওয়ায় রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি। ট্রেন না পেয়ে অনেক যাত্রীকে বিকল্প পরিবহনের খোঁজে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে ছুটতে দেখা যায়। এতে ঢাকাগামী বহু যাত্রী বিপাকে পড়েন।

আতাউর রহমান নামের এক যাত্রী বলেন, ‘সকালে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি, কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দিই। আমার মতো শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।’

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা আক্তার বলেন, ‘বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। রেল চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি জানান, প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় কুড়িগ্রাম এক্সপ্রেস। কিন্তু দুর্ঘটনার কারণে ট্রেনটি সময়মত কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। দ্রুততম সময়ের মধ্যে রেললাইন থেকে ট্রাকটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Most Popular