শিরোপা ধরে রাখার অভিযানে নামার অপেক্ষা শেষ হতে চলেছে আর্জেন্টিনার। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের আগমুহূর্তেও কোচ লিওনেল স্কালোনির সামনে রয়ে গেছে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
দলের মূল কাঠামো প্রায় চূড়ান্ত হলেও সবচেয়ে বড় অনিশ্চয়তা রক্ষণভাগে। অনুশীলনে কখনও ৪-৪-২, আবার কখনও ৩-৫-২ ফরমেশন নিয়ে কাজ করেছেন স্কালোনি। ফলে প্রথম ম্যাচে আর্জেন্টিনা কোন ছকে মাঠে নামবে, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
অবশ্য গোলপোস্টে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। ডান হাতের অনামিকায় চিড় নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সেই চোটের কারণে তিনি কয়েকটি প্রস্তুতি ম্যাচ এবং অনুশীলন সেশনও মিস করেছিলেন। তবে সময়মতো সুস্থ হয়ে উঠেছেন তিনি এবং আলজেরিয়ার বিপক্ষে প্রথম একাদশে থাকার সম্ভাবনাই বেশি।
ডান প্রান্তের ডিফেন্সে গনসালো মন্তিয়েল সামান্য এগিয়ে আছেন নাহুয়েল মোলিনার চেয়ে। দুজনই মৌসুম-পূর্ব প্রস্তুতিতে পেশির সমস্যায় ভুগেছিলেন। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাদের দুজনকেই ব্যবহার করতে পারেন স্কালোনি।
রক্ষণভাগে আরেকটি বড় স্বস্তির নাম ক্রিস্তিয়ান রোমেরো। মৌসুমের শেষ দিকে লিগামেন্টের চোটে পড়া এই ডিফেন্ডার পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন এবং তার একাদশে থাকা নিশ্চিত। তবে তাকে সঙ্গ দেবেন কে, সেটিই এখন বড় প্রশ্ন।
লিসান্দ্রো মার্তিনেজের খেলা প্রায় নিশ্চিত হলেও তিনি কোথায় খেলবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। যদি তাকে বাম ফুলব্যাক হিসেবে ব্যবহার করা হয়, তাহলে রোমেরোর সঙ্গে সেন্টারব্যাকে খেলবেন নিকোলাস ওতামেন্দি। আর যদি লিসান্দ্রোকে তার স্বাভাবিক সেন্টারব্যাক পজিশনে রাখা হয়, তাহলে বাম দিকে দেখা যেতে পারে ফাকুন্দো মেদিনাকে।
পরিস্থিতি আরও জটিল হয়েছে নিকোলাস তাগলিয়াফিকোর অনুপস্থিতিতে। কাফ মাসলে চোট পাওয়ায় এই অভিজ্ঞ ডিফেন্ডারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে স্কালোনিকে।
তবে মাঝমাঠ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই আর্জেন্টিনা শিবিরে। রদ্রিগো দি পল, এঞ্জো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্তারের ত্রয়ীকে ঘিরেই গড়ে উঠবে মধ্যমাঠ। শক্তি, সৃজনশীলতা এবং বলের নিয়ন্ত্রণ, তিনটিই এনে দেন এই তিন ফুটবলার।
আক্রমণাত্মক মিডফিল্ডের ভূমিকায় দেখা যেতে পারে থিয়াগো আলমাদাকে। জাতীয় দল থেকে আনহেল দি মারিয়ার বিদায়ের পর এই জায়গাটিই এখন তার জন্য উন্মুক্ত হয়েছে।
সামনের সারিতে অবশ্য কোনো চমক নেই। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে থাকবেন লাউতারো মার্তিনেজ। ক্লাব ফুটবলে দুর্দান্ত মৌসুম কাটিয়ে বিশ্বকাপে এসেছেন লাউতারো, ফলে তাকে ঘিরে প্রত্যাশাও অনেক।
এদিকে গোড়ালির চোট কাটিয়ে সুস্থ হয়েছেন হুলিয়ান আলভারেজও। প্রথম একাদশে না থাকলেও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বেঞ্চ থেকে বড় ভূমিকা রাখতে পারেন তিনি।
অনুশীলনে বিভিন্ন ফরমেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও শেষ পর্যন্ত পরিচিত ছকেই ফেরার সম্ভাবনা বেশি। ৪-৪-২ ফরমেশনের ডায়মন্ড মিডফিল্ড সংস্করণ, যেখানে মেসি থাকবেন আক্রমণাত্মক মিডফিল্ডার বা ‘ফ্রি রোল’-এ, সেটিই সবচেয়ে সম্ভাব্য পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। অনেকটা ৪-৩-১-২ ফরমেশনের মতোই হবে সেই বিন্যাস।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্তার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা।
