Tuesday, June 16, 2026
Homeবাংলাদেশ‘তারেক রহমান আসলেও কাজ হইব না’ বলা ছাত্রদল নেতা বহিষ্কার

‘তারেক রহমান আসলেও কাজ হইব না’ বলা ছাত্রদল নেতা বহিষ্কার

‘এটা আমার বাড়ির রাস্তা, এখানে স্বয়ং তারেক রহমান আসলেও কাজ হইব না’—চাঁদা দাবি করে এমন কথা বলার ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজীপুর মহানগর ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত রাতুল শিকদার অমি গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।

আজ মঙ্গলবার গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বহিষ্কারের তথ্যটি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় রাতুল শিকদার অমিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, অমিসহ ছয়জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা করেছেন বাংলাদেশ পোশাকশ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম।

মামলার এজাহার থেকে জানা গেছে, টঙ্গীর সাতাইশ এলাকায় মাজহারুলের একটি সাংগঠনিক কার্যালয় রয়েছে। অমির বাড়িতে যাওয়ার পথেই কার্যালয়টি অবস্থিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর অমি ও তার সহযোগীরা মাজহারুলকে কার্যালয় থেকে তুলে নিয়ে মারধর করে চাঁদা আদায় করেন। এরপর থেকে তারা কখনো সরাসরি, আবার কখনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার কাছ থেকে চাঁদা নিতেন।

সম্প্রতি মাজহারুলকে ফোন করে চাঁদার জন্য চাপ ও হুমকি দেন অমি। এ ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওতে অমিকে বলতে শোনা যায়, ‘এটা আমার বাড়ির রাস্তা। এখানে তারেক রহমান আসলেও কাজ হইব না। এখানে প্রাইম মিনিস্টার আসলেও কাজ হইব না। আপনি কোথায় আছেন বলেন। বেশি না, আজ আট হাজার টাকা দিতে হইব।’

এ বিষয়ে জানতে অমির ফোনে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়।

মাজহারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, আমি নিরুপায় হয়ে মামলা করেছি। আমি ন্যায়বিচার ও নিরাপত্তা চাই।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ডেইলি স্টারকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Most Popular