Tuesday, June 16, 2026
Homeবাংলাদেশশিশু হত্যায় অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ডিসি-এসপিসহ আহত ১৮

শিশু হত্যায় অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ডিসি-এসপিসহ আহত ১৮

লালমনিরহাটে আদিতমারী উপজেলায় শিশু হত্যার ঘটনায় আটক অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সুপার ও জেলা প্রশাসক এবং ১৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের ছয়টি গাড়ি ভাঙচুর ও অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে এ ঘটনা ঘটে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয়রা ইট-পাটকেল নিক্ষেপ করলে জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, আমি ও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।’

আটক বিধান চন্দ্র বর্মণ (২৩) ওই এলাকার ধনঞ্জয় বর্মণের ছেলে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে সাত বছর বয়সী এক শিশু বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে একটি খেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির বাবা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমি বিচার চাই। মেয়ে নিখোঁজ হওয়ার পর গতকাল রাত ১১টার দিকে আদিতমারী থানায় অভিযোগ করতে গেলে ওসি বিষয়টি আমলে নেননি। তিনি যদি রাতে ব্যবস্থা নিতেন, তাহলে মেয়েকে জীবিত পেতাম।’

তিনি আরও বলেন, ‘আজ মরদেহ উদ্ধারের পর বাইরের এলাকা থেকে দলে দলে লোক এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তারা পুলিশের ওপর হামলা চালিয়ে সরকারি গাড়ি ভাঙচুর করে। পরে হত্যাকারীর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তখন আমি পুলিশের সঙ্গে ছিলাম।’

পুলিশ জানায়, স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সুপার ও জেলা প্রশাসকসহ ১৮ পুলিশ সদস্য আহত হন। এ সময় ছয়টি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশ সদস্যরা কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। আহত পুলিশ সদস্যদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এসপি আসাদুজ্জামান ডেইলি স্টারকে বলেন, দায়িত্ব অবহেলার জন্য আদিতমারী থানার ওসি নাজমুল হককে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ধর্ষণের বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসপি আসাদুজ্জামান বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে।

আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া ডেইলি স্টারকে বলেন, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Most Popular