Monday, June 15, 2026
Homeবাংলাদেশতিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে হচ্ছে নীতিমালা: সড়ক পরিবহনমন্ত্রী

তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে হচ্ছে নীতিমালা: সড়ক পরিবহনমন্ত্রী

তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ সোমবার রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সড়ক পরিবহনমন্ত্রী আরও জানিয়েছেন, এই নীতিমালার আওতায় বাধ্যতামূলক নিবন্ধন, চালকের লাইসেন্স, নির্দিষ্ট রুট নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আইন প্রয়োগের ব্যবস্থা রাখা হবে।

রবিউল জানান, হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন ও ভটভটির মতো যানবাহন এখনো মহাসড়কে চলাচল করছে। এটি নিয়ন্ত্রণে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ), হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। অনিবন্ধিত মোটরসাইকেলের মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে নিবন্ধন নম্বরের জন্য আবেদন করতে পারবেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের এক প্রশ্নের জবাবে রবিউল জানান, গাবতলী থেকে ঢাকা শহর হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত ৩০ দশমিক ৪০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-২ এর রুটে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উন্নয়ন সহযোগী খোঁজার জন্য প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে এবং অনুমোদন ও অর্থায়নের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৪ (কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর) প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে, যেখানে উড়াল ও ভূগর্ভস্থ উভয় অংশ থাকবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে ৬৭টি সেতুতে টোল আদায় করা হয়। টোল সরকারি রাজস্বের একটি উৎস এবং সরকার প্রয়োজন অনুযায়ী তা চালু বা বন্ধ করতে পারে। ২০২৪ সালের ৫ আগস্টের পর নয়টি সেতুতে টোল আদায় বন্ধ করা হয়েছিল; এর মধ্যে দুটিতে পুনরায় টোল আদায় চালু হয়েছে, আর সাতটি এখনো টোলমুক্ত রয়েছে।

দ্বিতীয় যমুনা সেতু প্রকল্পটি সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী। রেলমন্ত্রী জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মহাপরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি ২০৩৩ সালের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক নিয়োগের কাজ চলছে এবং শিগগিরই চুক্তি স্বাক্ষর হবে।

সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সেতুটি বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ অথবা গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জঘাট পর্যন্ত নির্মাণ করা হতে পারে, যোগ করেন তিনি।

এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বারবার পাসওয়ার্ড পরিবর্তনের মতো সন্দেহজনক অনলাইন টিকিটিং কার্যক্রমের কারণে গত ৩ মাসে ৭ হাজার ৮১০টি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর মধ্যে মার্চে ৪ হাজার ৩৩৪টি, এপ্রিলে ৪১৩টি ও মে মাসে ৩ হাজার ৬৩টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের ২৪ মার্চ শেষ হবে। গোয়েন্দা সংস্থাগুলো অনিয়মের প্রমাণ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বাংলাদেশ রেলওয়ে নিজস্ব সার্ভার সক্ষমতা গড়ে তোলার বিষয়টি বিবেচনা করছে।

Most Popular