Sunday, June 14, 2026
Homeখেলাআর্থিক সুখবর পেলেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সেই সোমালি রেফারি

আর্থিক সুখবর পেলেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সেই সোমালি রেফারি

২০২৬ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ার রেফারি ওমর আরতান। ফুটবলের মহাযজ্ঞে অংশ নিতে না পারলেও বড় এক সুখবর পেলেন তিনি। কোনো ম্যাচ না চালিয়েও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে টুর্নামেন্টের পুরো পারিশ্রমিকই পাবেন আরতান।

গত সোমবার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আরতানকে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। বাতিল করা হয় তার কূটনৈতিক পাসপোর্ট ও সিঙ্গেল এন্ট্রি ভিসা। সাফ জানিয়ে দেওয়া হয়, মার্কিন মুলুকে পা রাখার অনুমতি নেই তার।

রোববার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টসকে একটি সূত্র নিশ্চিত করেছে, বিশ্বকাপে কোনো ভূমিকা রাখতে না পারলেও আরতানকে পুরো বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফিফা।

সাধারণত বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য রেফারিরা ঠিক কত টাকা পারিশ্রমিক পান, তা আগে থেকে জানা যায় না। টুর্নামেন্ট শেষ হওয়ার পরই মূলত এই অর্থ তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তা এর আগে জানান, নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে ‘সংশ্লিষ্টতার’ অভিযোগে আরতানকে দেশে ঢুকতে দেওয়া হয়নি। সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের সঙ্গে যোগাযোগ নিয়ে জেরা করা হয়েছিল তাকে। তবে এই সংগঠন সম্পর্কে কিছুই জানেন না বলে সীমান্ত কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেন আরতান।

ভিসা থাকার পরও এমন আচরণের শিকার হয়ে ভেঙে পড়েছিলেন আরতান, ‘আমার কাছে সব ধরনের সঠিক কাগজপত্র ছিল। ভিসাও ছিল বৈধ। আমি স্রেফ একজন রেফারি, যে নিজের স্বপ্নপূরণের চেষ্টা করছিল। বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল।’

মায়ামি বিমানবন্দর থেকে আরতানকে প্রথমে তুরস্কের ফ্লাইটে তুলে দেওয়া হয়। ইস্তানবুলে পৌঁছানোর পর ফিফার কর্মকর্তারা তাকে সব ধরনের সহায়তা করেন। এরপর সেখান থেকে সোমালিয়ার বিমানে চড়েন তিনি। রাজধানী মোগাদিশুতে পৌঁছানো পর অবশ্য রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন।

Most Popular