Sunday, June 14, 2026
Homeবাংলাদেশ২ মাসের শিশুকে হত্যা, বাবা পলাতক

২ মাসের শিশুকে হত্যা, বাবা পলাতক

ফেনীর ফুলগাজী উপজেলায় ২ মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা পলাতক।

উপজেলার বাজার-সংলগ্ন একটি ভাড়া বাসায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

ফুলগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুলতান আহমদ ও রুনা আক্তার দম্পতির ছেলে ছিল মো. জুনায়েদ। সুলতান পেশায় দিনমজুর।

স্থানীয়রা জানান, ওই দম্পতি নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাহাড়তলা গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ফুলগাজীতে বসবাস করছেন। সুলতান মাদকাসক্ত। গতকাল রাতে কান্না করায় জুনায়েদকে আছাড় মারেন সুলতান। পরে তাকে ফেনী সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুনা আক্তার ডেইলি স্টারকে বলেন, ‘কান্না সহ্য করতে না পেরে সুলতান হঠাৎ জুনায়েদকে আছাড় মারে। এতে আমার ছেলে মারা গেছে। ঘটনার পর আমার স্বামী পালিয়ে গেছেন।’

ওসি মিজানুর রহমান বলেন, শিশুটির মা অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Most Popular