Saturday, November 28, 2026
Homeখেলাব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?

ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?

সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে ধীর্ঘ ২৪ বছর, কিন্তু আর শিরোপার দেখা পায়নি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হতাশা বাড়িয়ে ২০২৬ বিশ্বকাপেও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে কার্লো আনচেলত্তির দলকে।

সেলেসাওদের এমন করুণ অবস্থার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলটির শক্তি ও ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তার মতে, বর্তমান ব্রাজিল দল বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয়।

ব্রাজিলের হয়ে ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ জিতেছেন রোনালদো। ২০০২ বিশ্বকাপে আট গোল করে হয়েছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতাও। সেই রোনালদোই মনে করছেন, সময়ের সঙ্গে ইউরোপিয়ান ফুটবল অনেক এগিয়ে গেলেও ব্রাজিল নিজেদের স্বকীয়তা ধরে রাখতে পারেনি।

গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘারের সঙ্গে ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে কথা বলতে গিয়ে ব্রাজিলের বর্তমান বেহাল দশা নিয়ে হতাশা প্রকাশ করেন রোনালদো। ডিজনি প্লাসে প্রকাশিত বিশেষ এই পর্বে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপিয়ান খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে আমাদের দেশে নিজেদের প্রতিভার ওপর ভিত্তি করেই সব সময় অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপিয়ানরা আরও শক্তিশালী, দ্রুতগতির ও সুসংগঠিত। তারা আরও ভালো ফুটবল খেলছে।’

বর্তমান ব্রাজিল দল বিশ্বকাপ জয়ের মতো অবস্থায় নেই বলেও মনে করেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক এই তারকা, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয়। আমাদের দলটা শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই।’

অন্যদিকে, ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার লড়াকু মানসিকতার কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বীদের সেই মনোভাব দেখতে ব্রাজিলিয়ানদের যে কষ্ট হয়, সেটিও স্বীকার করেছেন তিনি।

Most Popular