পাবনার সাঁথিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করছে পুলিশ।
আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজস্ব চেম্বার থেকে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ডা. মো. রশিদুল হাসান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ।
স্থানীয়রা জানান, প্রতি শুক্রবার নিজের গ্রামের বাড়ি সাঁথিয়ার সরিষা গ্রামে এবং সাঁথিয়ায় ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন ডা. রশিদুল হাসান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবেও পরিচিত।
ওসি আনিসুর রহমান বলেন, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও ডা. রাশিদুল হাসান নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দিতেন এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করতেন বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ডা. রাশিদুলের বিরুদ্ধে সাঁথিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছিল। ওই মামলায় গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
