মঞ্চে ৮৫ বছর বয়সী এক শিল্পী। হুডিতে আড়াল করে রেখেছেন মুখ। সামনে পিয়ানো। স্থির হয়ে বসে একের পর এক গান গেয়ে চলেছেন। কোনো বিরতি ছাড়াই টানা দুই ঘণ্টা নিজের পুরোনো সব গান গাইলেন। কিন্তু চেনা সেই গানগুলো যেন অচেনা এক ছন্দে গাইলেন তিনি। যে গান শুনে কয়েক দশক আগে মুগ্ধ হয়েছিল বিশ্ব, তা যেন নতুন করে জন্ম নিয়েছে। বদলে গেছে সুর, পরিবেশনার ধরণও।
দর্শক-শ্রোতাদের সঙ্গে কোনো কথাবার্তা নেই। তাদের মনযোগ আকর্ষণ বা মন জয়ের চেষ্টাও করেননি। বরং আচরণে স্পষ্ট ছিল উদাসীনতার ছাপ।
মনে হতে পারে, নিজের সংগীত জগতে এতটাই ডুবে আছেন, যে বাইরের পৃথিবী তার কাছে গুরুত্বহীন। কিংবা অনুষ্ঠানটি দর্শকশূন্য হলেও ঠিক একইভাবে গান গেয়ে যেতেন বয়সের ভারে ন্যুব্জ এই শিল্পী।
ঠিক তার সামনে দর্শক সারিতে পিনপতন নীরবতা। মন্ত্রমুগ্ধের মতো শুনছেন শ্রোতারা। পুরোনো ওইসব গানের প্রতিটি শব্দের অর্থ নতুন করে খুঁজছেন তারা।
তিনি বব ডিলান। সংগীত জগতের এক জীবন্ত কিংবদন্তি। তার কাছে গান শুধু শ্রোতাদের শোনানোর জন্য নয়, প্রতিনিয়ত নতুন করে আবিষ্কারের এক শিল্প।
৮৫ বছর বয়সে আবারও শুরু করেছেন নিজের ‘নেভার এন্ডিং ট্যুরের’ যুক্তরাজ্য পর্ব।
দেশটির দক্ষিণ উপকূলে ইংলিশ চ্যানেলের তীরে ডরসেট কাউন্টির বোর্নমাউথ ইন্টারন্যাশনাল সেন্টারে (বিআইসি) কনসার্ট মঞ্চটি ছিল খুব ছিমছাম ও সাধারণ। মাত্র চারটি ল্যাম্পের হালকা আলোয় বব ডিলান ও তার ব্যান্ড সদস্যদের পরিবেশনা দেখে মনে হতে পারে যেন কোনো সংগীতময় প্রেতচর্চা চলছে। অদৃশ্য ইশারা আর টেলিপ্যাথির মাধ্যমে পুরো দলকে যেন পরিচালনা করছেন ডিলান।
তার এবারের পরিবেশনায় পুরোনো গান আছে, কিন্তু নেই সেই চেনা সুরের পুনরাবৃত্তি।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে বব ডিলানের এই কনসার্ট নিয়ে রিভিউতে ব্রিটিশ ঔপন্যাসিক ও সাংবাদিক তারিক গডার্ড শুরুতেই শিল্পীর খ্যাতিকে প্রশ্নের মুখে দাঁড় করান।
তিনি সংশয় প্রকাশ করেন—বব ডিলানের পরিচয় না জানলে এই পরিবেশনা কি এতটা গুরুত্ব পেত? দর্শকরা ধৈর্য ধরে শুনতেন?
এমনকি এই সংশয়ের গুরুত্ব বোঝাতে তিনি আর্নেস্ট হেমিংওয়ের লেখা ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ বই নিয়ে প্রভাবশালী মার্কিন সাংবাদিক নরম্যান মেইলারের প্রতিক্রিয়া তুলে ধরেন। মেইলার বইটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন—‘পাঠক যদি না জানতো এর লেখক হেমিংওয়ে, সে কি শেষ পর্যন্ত এটি পড়ার ধৈর্য ও আগ্রহ পেতেন?’
এই উদাহরণ টেনে গডার্ড প্রথমে বলতে চেয়েছেন, কোনো শিল্পীর পরিচিতি, খ্যাতি ও অতীতের অর্জনই তার শিল্পকর্মের মূল্যায়ন নির্ধারণ করে।
বব ডিলানের কনসার্টটি দেখতে এসে শুরুতে তারও একই ধারণা হয়।
তিনি মনে করেন, গান, কণ্ঠ, গীতিকবিতা, সংগীতজীবন ও সাহিত্যে নোবেল পুরষ্কার অর্জনসহ বব ডিলানকে ঘিরে কয়েক দশকের ইতিহাস শ্রোতাদের আকর্ষণ করেছে বা প্রভাব ফেলেছে। যে কারণে দর্শকদের সঙ্গে কোনো কথাবার্তা ছাড়াই বিরতিহীন একের পর এক পুরনো গান নতুন ছন্দে গাওয়ার পরও মুগ্ধ হয়ে শুনছিলেন শ্রোতারা।
কিন্তু শেষ পর্যন্ত কনসার্টের অভিজ্ঞতা তাকে অন্য জায়গায় নিয়ে যায়। ডিলানের শিল্পীসত্তার প্রশংসা করেন সাংবাদিক গডার্ড।
ডিলানের ‘নেভার এন্ডিং ট্যুর’ শুরু হয়েছিল আশির দশকের শেষ দিকে। এরপর থেকে নিয়মিত কনসার্ট করে আসছেন তিনি। কিন্তু তার পরিবেশনার ধরন বরাবরই কিছুটা আলাদা। দর্শকদের মন জয় করার সস্তা বুলি বা চটকদার পরিবেশনা এড়িয়ে চলেছেন ডিলান। নিজের বিশাল গানের ভাণ্ডারকে বারবার ভেঙে-গড়ে নিজস্ব ‘লেট স্টাইল’ বা পরিণত ঢঙে পরিবেশন করেছেন। নতুন ছন্দ, ভিন্ন সুর, ধীরলয় কিংবা জ্যাজের প্রভাবে পুরোনো গানগুলোকে নতুন রূপ দিয়েছেন।
গডার্ড জানান, কনসার্টের মাঝামাঝি সময়ে ‘ট্যাঙ্গলড আপ ইন ব্লু’ গানটির মৃদু জ্যাজ সংস্করণ পরিবেশন তারই প্রমাণ।
বছরের এমন এক সময়ে বোর্নমাউথে কনসার্টের সিদ্ধান্ত নিয়েছেন ডিলান, যখন এই শহরের ধনী বাসিন্দারা শীতের প্রকোপ এড়াতে দক্ষিণের উষ্ণ অঞ্চলে পাড়ি জমিয়েছেন। তার এই সিদ্ধান্ত এবং মঞ্চে গান গাওয়ার ধরনে সেই একই খামখেয়ালিপনা স্পষ্ট।
গডার্ড বুঝেছেন, ডিলান পুরোনো গান গেয়ে অতীতের জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করছেন না। শ্রোতাদের প্রত্যাশা পূরণের চেয়ে নিজের শিল্পীসত্তার প্রতি সৎ থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
গডার্ড লিখেছেন, ৪০ বছর আগে যে কণ্ঠে তিনি ডিলানের গান শুনেছিলেন, তার চেয়ে এখনকার কণ্ঠ অনেক বেশি স্পষ্ট, শক্তিশালী ও প্রাণবন্ত মনে হয়েছে তার। ৮৫ বছর বয়সেও ডিলান যে তার গানের নতুন আবিষ্কারে মত্ত সেটাও স্পষ্ট এই কনসার্টে।
‘ব্ল্যাক রাইডার’ গানটি যখন গাইছিলেন ডিলান, তখন মনে হচ্ছিল শয়তানের সঙ্গে নয় নিজের সঙ্গেই ব্যঙ্গ করে এক রহস্যময় আলাপ করছেন তিনি।
‘ইট এইন্ট মি বেব’ গানটি অত্যন্ত সূক্ষ্ম ও গভীর মমতায় পরিবেশন করেন ডিলান ও তার দল। যারা সাম্প্রতিক বায়োপিক ‘আ কমপ্লিট আননোনে’ শোনা গানের হুবহু অনুকরণ শোনার আশা নিয়ে এসেছিলেন, তারা কিছুটা হতাশ হয়েছেন।
গডার্ড মতে, পুরোনো গানগুলোকে নিজের কাছে আজও প্রাসঙ্গিক রাখতেই এমন অচেনা ছন্দে গেয়েছেন ডিলান।
গডার্ড আরও বলেন, ‘কনসার্টের এক পর্যায়ে ধীরলয়ের গানগুলো সাধারণ লাউঞ্জ মিউজিকের মতো একঘেয়ে হয়ে উঠেছিল। ডিলান খুব সচেতনভাবেই সেই আলস্য ভেঙে দিচ্ছিলেন গানের কথার তীক্ষ্ণ আঘাতে। তার কণ্ঠের দৃঢ়তা ও শক্তি দেখে মনে হচ্ছিল, সারা জীবন ধরে তিনি যেন কঠিন বাস্তবতা থেকে অর্জিত প্রজ্ঞারই সাধনা করেছেন। আর এই অসাধারণ পরিবেশনাই বলে দেয়, কেন ডিলানকে নিয়ে দুই হাজারেরও বেশি বই লেখা হয়েছে।’
মঞ্চে বসে থাকা বয়সের ভারে ন্যুব্জ ও নিজেকে আড়াল করে রাখা এই মানুষটিকে অনেকেই তাদের চিরচেনা বব ডিলানের সঙ্গে মেলাতে পারবেন না। পুরনো গানের নতুন রূপগুলোও হয়তো অনেকের ভালো লাগেনি।
এ জন্যই ‘আই শ্যাল বি রিলিজড’ গান দিয়ে কনসার্ট শেষ করেন ডিলান।
চেনা সুরে এই পুরোনো গানটি যেন ভক্তদের বিদায় উপহার দেন ডিলান। যাতে গুনগুন করে গানটি গাইতে গাইতে বাড়ি ফিরতে পারেন শ্রোতারা।
আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে চলবে বব ডিলানের ‘নেভার এন্ডিং ট্যুর’।
