নিয়মিত খেলার সুযোগ না পেয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রস্তুতি ধরে রাখা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য। এমন পরিস্থিতিতে তিন জাতীয় হকি খেলোয়াড়ের সামনে এসেছে বিদেশের লিগে খেলার সুযোগ। ওমানের আল ইত্তিহাদ হকি ক্লাবের হয়ে দেশটির মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন আমিরুল ইসলাম, রাকিবুল হাসান রকি ও বিপ্লব কুজুর।
আগামী ৮ থেকে ২৩ ডিসেম্বর ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হবে ৫৬তম হিজ ম্যাজেস্টিজ হকি কাপ। এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের তিন খেলোয়াড়কে দলে নিতে চায় আল ইত্তিহাদ। এরই মধ্যে তাঁদের জন্য অনাপত্তিপত্র চেয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে ক্লাবটি।
তিন খেলোয়াড়ের মধ্যে আমিরুল ইসলাম ডিফেন্ডার, রাকিবুল হাসান রকি ফরোয়ার্ড এবং বিপ্লব কুজুর গোলরক্ষক হিসেবে খেলেন। তাদের প্রত্যেকের জন্য আলাদা আবেদন পাঠিয়েছে ওমানের ক্লাবটি।
আল ইত্তিহাদের সাধারণ সম্পাদক কায়েস বিন গানিম আল মারহুনের স্বাক্ষর করা আবেদনগুলোতে খেলোয়াড়দের যাওয়া-আসার বিমানভাড়া, থাকা-খাওয়া এবং আর্থিক পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব রয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশন আগামী রোববারের মধ্যে তিন খেলোয়াড়কে অনাপত্তিপত্র দেওয়ার পরিকল্পনা করেছে। সবকিছু ঠিক থাকলে প্রতিযোগিতা শুরুর তিন থেকে চার দিন আগেই ওমানে পৌঁছাবেন তারা।
বাহফের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স জানিয়েছেন, তিন খেলোয়াড়ের বিদেশে খেলার সুযোগ তৈরি করতে ফেডারেশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। প্রিন্স বলেন, ‘ওমানের এই প্রতিযোগিতায় খেলার জন্য আমরা তিনজনকেই ছাড়পত্র দিতে যাচ্ছি।’
দেশে ঘরোয়া হকির কার্যক্রম না থাকায় খেলোয়াড়দের বিদেশে খেলার ব্যবস্থা করতে আগেই উদ্যোগ নিয়েছিলেন বলে জানিয়েছেন বাহফের এই কর্মকর্তা। তার ভাষ্য, বাংলাদেশি খেলোয়াড়দের ওমানের ক্লাবগুলোতে সুযোগ করে দিতে দেশটির হকি ফেডারেশনের সভাপতির সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।
তবে শুধু ওমানেই নয়, আগামী বছর ইউরোপের বিভিন্ন দেশের লিগেও বাংলাদেশের হকি খেলোয়াড়দের পাঠানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। প্রিন্স জানিয়েছেন, আগামী এপ্রিলে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও জার্মানির বিভিন্ন লিগে খেলার জন্য বাংলাদেশের ২০ জন পুরুষ ও চারজন নারী খেলোয়াড়কে চূড়ান্ত করা হয়েছে।
এর আগে আগামী ফেব্রুয়ারিতে নেশনস লিগে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেই প্রতিযোগিতা শেষ করেই ইউরোপে বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে যাবেন নির্বাচিত খেলোয়াড়েরা। প্রিন্স বলেন, ‘ফেব্রুয়ারিতে নেশনস লিগে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছি আমরা। সেই প্রতিযোগিতায় খেলার পর খেলোয়াড়েরা ইউরোপের বিভিন্ন লিগে খেলতে যাবে। এরপর দেশে ফিরে ঘরোয়া লিগে অংশ নেবে।’
ঘরোয়া লিগের কার্যক্রম শুরুর পরিকল্পনাও জানিয়েছে ফেডারেশন। আগামী মে মাসে দলবদলের কার্যক্রম শুরু করতে চায় বাহফে।
