Saturday, November 28, 2026
Homeবাংলাদেশরংপুর মেডিকেলে ১৯ লিফটের ১০টিই অচল, ছিঁড়ে পড়ছে চালু থাকা লিফটও

রংপুর মেডিকেলে ১৯ লিফটের ১০টিই অচল, ছিঁড়ে পড়ছে চালু থাকা লিফটও

এক হাজার শয্যার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৯টি লিফটের মধ্যে ১০টিই দীর্ঘদিন ধরে বিকল। বাকি নয়টির মধ্যে মাত্র তিনটি স্বাভাবিক অবস্থায় সচল আছে। আর ছয়টি কোনোমতে মেরামত করে চলছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪০টি ওয়ার্ডে প্রতিদিন গড়ে আড়াই হাজারের বেশি রোগী ভর্তি থাকেন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ, বয়স্ক, হৃদরোগী এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও জরুরি প্রয়োজনে লিফটে করে এক তলা থেকে অন্য তলায় নিতে হয়।

কিন্তু লিফটের সংকটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগী ও স্বজনদের। অনেকেই বাধ্য হয়ে সিঁড়ি ব্যবহার করছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শারীরিকভাবে দুর্বল ও গুরুতর অসুস্থ রোগীরা।

এদিকে গত ২২ নভেম্বর রাতে হাসপাতালের গাইনি ব্লকের একটি লিফট চারতলা থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়। তবে রোগী নামিয়ে দেওয়ার পর দুর্ঘটনাটি ঘটায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় হাসপাতালের লিফটগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

লিফট অপারেটর শাহ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, বাইরে থেকে বেপরোয়াভাবে ধাক্কাধাক্কি করার কারণে লিফটের সুইচে সমস্যা তৈরি হয়েছিল, যার ফলে এটি ছিঁড়ে পড়ে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে কারিগরি তদন্ত প্রয়োজন। বিকল লিফটগুলো সচল করার বিষয়ে বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান তিনি।

হাসপাতাল ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, অধিকাংশ লিফট স্থাপন করা হয়েছিল ১৯৭৯ সালে। দীর্ঘ কয়েক দশক ব্যবহারের ফলে যন্ত্রাংশ পুরোনো ও ক্ষয়প্রাপ্ত হয়েছে। ওয়ারেন্টি ও গ্যারান্টির মেয়াদও বহু আগেই শেষ হয়েছে। নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে একের পর এক লিফট অচল হয়ে পড়ছে।

লিফটের সংকটে ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনেরাও। তারাগঞ্জ থেকে আসা শামসুল আলম (৬০) ডেইলি স্টারকে বলেন, তার স্ত্রী এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি থাকায় প্রতিদিন কয়েকবার তাকে চারতলায় ওঠানামা করতে হয়। সব সময় লিফট না পেয়ে সিঁড়ি ব্যবহার করতে গিয়ে তিনি নিজেই অসুস্থ বোধ করছেন।

কাউনিয়া থেকে আসা মেহেরুন বেগম (৫৫) বলেন, ‘প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করেও লিফট না পেয়ে কষ্ট করে সিঁড়ি দিয়ে পাঁচতলায় উঠতে হয়েছে। জরুরি প্রয়োজনে ওষুধ আনতে বা অন্য কাজে দ্রুত ওঠানামা করতে হলেও লিফটের ওপর নির্ভর করা যাচ্ছে না।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, লিফটগুলো সংস্কারের জন্য গণপূর্ত বিভাগকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও কাজ হয়নি। সীমিতসংখ্যক লিফট দিয়ে বিপুলসংখ্যক রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘বর্তমানে যে নয়টি লিফট চালু রয়েছে, সেগুলোর অবস্থাও ভালো নয়। যেকোনো সময় এগুলোও ব্যবহার অনুপযোগী হয়ে পড়তে পারে। সব লিফট সচল রাখতে গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।’

এ বিষয়ে রংপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মিজানুর রহমান বলেন, বিকল লিফটগুলো মেরামত করে চালুর উদ্যোগ নিতে চলতি বছরের ২২ জুলাই পূর্ত ভবনের প্রধান প্রকৌশলীর কাছে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও কোনো জবাব পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, গত তিন অর্থবছর ধরে এসব লিফট মেরামতের জন্য কোনো বরাদ্দ পাওয়া যাচ্ছে না। ফলে প্রয়োজনীয় সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না। আবারও প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Most Popular