দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্টের সিরিজ শেষ হলো বাংলাদেশের জন্য আরও একটি হতাশার অধ্যায় দিয়ে। বুধবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। এবারের সিরিজেও ব্যাটিং ব্যর্থতা ও অসহায় আত্মসমর্পণের পুরোনো চিত্রই ফুটে উঠেছে টাইগারদের পারফরম্যান্সে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কিছুদূর এগিয়ে যাওয়ার পর আবার পিছিয়ে পড়ার প্রবণতা যেন কাটছেই না। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয় কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ ড্রয়ের মতো সাফল্যের পরই প্রায় নিয়মিতভাবে ফিরে আসে মলিন পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারের পর এবার দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ হয়েছে তারা— যে দেশটির মাটিতে এখনো টেস্ট ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি বাংলাদেশ।
প্রথম টেস্টে যদিও কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০০ রান করে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে এশিয়ার কোনো দল হিসেবে প্রথম ইনিংসে সর্বোচ্চ পুঁজির রেকর্ড গড়েছিল তারা। কিন্তু সেই সাফল্যের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
চরম ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি বোলিং ও ফিল্ডিংয়েও ভরাডুবি হওয়ায় দ্বিতীয় টেস্টে সেটিও আর দেখা যায়নি। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় যথাক্রমে ৯১ ও ১৮৪ রান। বিপরীতে, স্বাগতিকরা একবার ব্যাটিং করে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। অর্থাৎ দুই ইনিংস মিলিয়েও প্রোটিয়াদের প্রথম ইনিংসের রানের ধারেকাছে যেতে পারেনি টাইগাররা। ফলে এদিন দক্ষিণ আফ্রিকা পেয়েছে ইনিংস ও ২১৯ রানের বিশাল জয়।
দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হতাশা লুকানোর চেষ্টা করেননি বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ম্যাচ শেষে তিনি বলেন, ‘হতাশাজনক— শব্দটি আসলে যথেষ্ট নয়। এর চেয়ে বড় কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। তবে ব্যাটিংয়ে আমাদের খেলোয়াড়দের মধ্যে গর্ববোধের অভাব ছিল, সেটিই সবচেয়ে হতাশার। প্রথম ম্যাচে আমরা ৪০০ রান করেছিলাম, কিন্তু সেখান থেকে আর এগোতে পারিনি। আমরা সেখানেই আটকে গেছি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আরও ভালো করা উচিত ছিল, বিশেষ করে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। নিজেদের কাছ থেকে আমরা ৯১ রান আশা করি না। তাই বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে এটি হতাশাজনক।’
দুই টেস্টে দলীয়ভাবে ইতিবাচক দিক খুঁজে পাওয়া কঠিন হলেও একজন ক্রিকেটারের পারফরম্যান্সে সন্তুষ্ট সিমন্স। তিনি হলেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় টেস্টে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়লেও দ্বিতীয় ইনিংসে ৪১ রান করে দলের সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন তিনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরি হাঁকানো এই ডানহাতি ব্যাটার পুরো সিরিজ শেষ করেছেন যথাক্রমে ১৩৭, ১৯, ২৩ ও ৪১ রান নিয়ে।
দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হৃদয়। তার পারফরম্যান্স নিয়ে বাংলাদেশের এই ক্যারিবিয়ান কোচ বলেন, ‘গত দুই টেস্টে আমার কাছে সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো তাওহিদ হৃদয়। অসাধারণ! (সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) দ্বিতীয় টেস্টে (মুমিনুল হক কনকাশনের কারণে খেলতে না পারায়) সুযোগ পেয়েও সে নিজের সামর্থ্য দেখিয়েছে (ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে)। আসলে (টেস্টে তার ছন্দের) শুরুটা হয়েছিল এখানেই, যখন সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে (দক্ষিণ আফ্রিকা) সফরে এসে ৩৫০ রান করেছিল। সেটি ছিল তার সম্ভাবনারই পূর্বাভাস। সে উন্নতি করেছে, টেস্ট ব্যাটিং কীভাবে করতে হয়, সেটি বুঝতে পারছে। তার এই উন্নতি দেখতে পারাটা আনন্দের। পুরো সিরিজ থেকে পাওয়া সবচেয়ে ভালো দিক এটিই।’
টেস্ট সিরিজের হতাশা পেছনে ফেলে এবার সাদা বলের ক্রিকেটে মনোযোগ দেবে বাংলাদেশ। আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর মাঠে গড়াবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য স্কোয়াডে আসা অন্য কয়েকজন ক্রিকেটারকে নিয়ে বিবর্ণ ড্রেসিং রুমকে চাঙা করার আশা করছেন সিমন্স।
বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমাদের দলে কয়েকজন নতুন খেলোয়াড় আসছে। তারা গতকালই দলের সঙ্গে যোগ দিয়েছে। আমি নিশ্চিত, তারা পুরো দলকে এবং দলের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে। আমাদের সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড় মোস্তাফিজুর রহমানও আছে। তাকে অভিজ্ঞ বলব না, বরং দলের সিনিয়র খেলোয়াড় বলব। আশা করি, সে তার নেতৃত্বগুণের পাশাপাশি দলে আনন্দময় পরিবেশ ফিরিয়ে আনবে। সে বেশ মজার মানুষ, দলের সবার সঙ্গে মিলেমিশে থাকে, আমাদেরকে হাসায়। আশা করি, তার উপস্থিতি দলকে আবার আমাদের কাঙ্ক্ষিত অবস্থানে ফিরিয়ে নিতে সাহায্য করবে।’
