খুলনাসহ ৭ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও সংস্থায় বদলি করা হয়েছে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে মোট ১৪ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়নের তথ্য পাওয়া যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনার এসপি সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনায় বদলি করা হয়েছে।
এর আগে গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়।
সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের নতুন এসপি হিসেবে বদলি করা হয়েছে।
লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটে নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপির উপকমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের এসপি করা হয়েছে।
গাইবান্ধার এসপি মো. জসিম উদ্দীনকে ফেনীতে বদলি করে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) এসপি মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার এসপি করা হয়েছে।
কেএমপি উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।
এদিকে, সিআইডির এসএসপি মো. ছুফি উল্লাহকে নওগাঁর এসপি নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পদায়ন করা হয়েছে এবং এপিবিএনের এসপি মো. আরেফিন জুয়েলকে সিএমপি উপকমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এসব বদলি ও পদায়ন করা হয়েছে এবং আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।
