টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা ছিলেন সোহেল খান। অনেক বছর ধরে অভিনয়শিল্পের সঙ্গে যুক্ত তিনি। দর্শকপ্রিয় এই অভিনেতা ‘ফোর টোয়েন্টি’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। সবশেষ তিনি বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন। মঙ্গলবার সেখানেই মারা যান তিনি।
তাকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন অভিনেতা মুকিত জাকারিয়া।
মুকিত জাকারিয়া বলেন, ‘বগুড়ায় আমি আর সোহেল ভাই পাশাপাশি হোটেলে ছিলাম। তার রুম নম্বর ছিল ৬১০৮, আর আমার রুম নম্বর ৬১০৭। প্রতিদিন একসঙ্গে শুটিং করেছি। আমাদের পোশাকও একই রকম ছিল। কোনোভাবেই স্মৃতিগুলো ভুলতে পারছি না। ভীষণ খারাপ লাগছে।’
‘মোহাম্মদ ইকবাল পরিচালিত “নসিব” সিনেমার শুটিংয়ে বগুড়ায় গিয়েছিলাম। সেখানেই সোহেল ভাই চলে গেলেন! এই কষ্ট মেনে নেওয়ার মতো নয়। ছয় দিন শুটিং করেছি আমরা। সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি। তার চলে যাওয়া আমার জন্য বেদনার।’
এই অভিনেতা আরও বলেন, ‘ফোর টোয়েন্টি’ নাটকে অভিনয় করতে গিয়ে আমাদের অসংখ্য স্মৃতি তৈরি হয়েছে। এরপর ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে কাজ করতে গিয়েও শত শত স্মৃতি জমে আছে। কোনোভাবেই তার কথা ভুলতে পারছি না।
মুকিত জাকারিয়া বলেন, ‘মঙ্গলবার সকাল আটটায় আমরা একসঙ্গে নাশতা করেছি। ভাবা যায়? এখন তিনি নেই। নাশতা করার সময় সোহেল ভাই বললেন, “তোমার মোবাইল দিয়ে ভিডিও করো”। খাবার সময় তিনি বলেছেন, “এটা খাও, ওটা খাও”। কত স্মৃতি!’
‘সোহেল ভাই মাটির মানুষ। কোনো অহংকার নেই। সিনেমার শুটিংয়ে ১৫০ জনেরও বেশি মানুষ ছিলেন। সবার সঙ্গে তিনি ভালো ব্যবহার করতেন। ভালোভাবে মিশতেন। তার আত্মার শান্তি কামনা করছি।’
