শেষ হয়েছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর। বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের নিয়ে শুরু হওয়া এবারের আসরে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো।
তিনি গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বোশের স্থান নিলেন।
গতকাল মঙ্গলবার পুয়ের্তো রিকোর সান হুয়ানে মুকুট পরানোর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। এরপর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, ফিলিপাইনের বেয়া মিলান-উইন্ডরস্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
বারেতোর মাথায় ওঠে ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’মুকুট। ভেনেজুয়েলার ডিজাইনার জর্জ উইটেলসের বানানো এই মুকুটে রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।
এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করেন জেনিফার।
এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটেন তিনি। এর মাত্র চার মাসের মধ্যে জাতীয় পর্যায়ের খেতাব জিতে নেন।
এর আগে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সান সেবাস্তিয়ান শহরের প্রতিনিধিত্ব করে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো নির্বাচিত হন জেনিফার।
আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের স্বাগত জানান জেনিফার।
পুয়ের্তো রিকোর আতিথেয়তার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে তিনি রসুন দিয়ে তৈরি টোস্টোনেসসহ বিভিন্ন স্থানীয় খাবার উপস্থাপন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তার নাম দিয়েছেন ‘লা বারেতো’।
জেনিফারের স্বামীর নাম জ্যঁ কার্লোস বারেতো। এই দম্পতির পেনেলোপে নামের ৭ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার। সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন তিনি। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত রয়েছেন জেনিফার বারেতো।
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং মাতৃত্ব নারীদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের পথে বাধা হওয়া উচিত—এমন ধারণা চ্যালেঞ্জ করাই ছিল তার প্রচারের মূল বিষয়।
মায়াগুয়েজে জন্ম নেওয়া জেনিফার বারেতো ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিয়ায় বেড়ে উঠেছেন। ভলিবলের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। বেড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য দাদাকে কৃতিত্ব দেন তিনি।
শৈশবেই সৌন্দর্য প্রতিযোগিতার প্রতি আগ্রহ জন্মায় তার। তখন মায়ের সঙ্গে মিস ইউনিভার্স প্রতিযোগিতা দেখতেন তিনি। এই প্রতিযোগিতাকে নারীদের অলিম্পিক বলে অভিহিত করেছেন বারেতো।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আগে ৩১.৮ কেজি ওজন কমানোর বিষয়েও কথা বলেছেন বারেতো। তিনি জানান, প্রস্তুতির সময় এমনভাবে খাদ্যাভ্যাস পরিকল্পনা করেছিলেন, যাতে প্রতিযোগিতা শুরুর আগেই ডায়েট শেষ করতে পারেন। ফলে প্রতিযোগিতা চলাকালে টোস্টোনেস ও চকলেট খাওয়ার সুযোগ পেয়েছেন।
জাতীয় পোশাক পর্বে তিনি দ্বীপটির লজ্জাবতীজাতীয় উদ্ভিদ ‘মোরিভিভি’ থেকে অনুপ্রাণিত একটি পোশাক পরেছিলেন।
চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে বারেতোকে জিজ্ঞাসা করা হয়, জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ক্রমেই বাড়তে থাকায় কোন মানবিক মূল্যবোধটি মানুষের ধরে রাখা উচিত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স র’বনি গ্যাব্রিয়েল।
বাংলাদেশ থেকে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী সামিরা খান মাহি। সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় প্রতিযোগিতা থেকে বাদ পড়েন তিনি।
একজন প্রতিযোগীর জন্য পিপলস চয়েস ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগ পর্যন্ত দর্শকদের ভোটে এগিয়ে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। পিপলস চয়েস ভোটে জয়ী হন ইকুয়েডরের দালিয়া বুকারাম। এর ফলে সেমিফাইনালে সরাসরি জায়গা করে নেন তিনি।
