Wednesday, November 25, 2026
Homeবাংলাদেশজামিন পেয়েই ফের অপরাধজগতে রাজত্ব শুরু করেন সুইডেন আসলাম

জামিন পেয়েই ফের অপরাধজগতে রাজত্ব শুরু করেন সুইডেন আসলাম

রাজধানীর তেজগাঁও এলাকায় চাঁদা দেওয়া হবে কি না, জমির দখল কে নেবে, স্থানীয় কোনো বিরোধ কীভাবে মীমাংসা হবে, এসব নিয়ে শেষ সিদ্ধান্ত নাকি নিতেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামেই বেশি পরিচিত।

তার কথার অবাধ্য হওয়ার উপায় নেই। সেক্ষেত্রে তার সহযোগীদের হাতে মারধরসহ নানা সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি ছিল। চাঁদাবাজ ও জমি দখলদাররা নিয়মিত তার ইন্দিরা রোডের বাসায় যেতেন এবং নিজেদের আয়ের একটি অংশ তাকে দিতেন বলেও অভিযোগ রয়েছে।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে সুইডেন আসলামের দুই ঘনিষ্ঠ সহযোগী ও এক বন্ধুসহ অন্তত নয়জন এসব তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে আসলামের ঘনিষ্ঠ এক রাজনৈতিক নেতা বলেন, সহযোগীদের মাধ্যমে তেজগাঁও এলাকার অপরাধজগতে নিজের প্রভাব বজায় রেখেছিলেন তিনি।

ওই নেতা বলেন, ‘আসলাম নিজে চাঁদাবাজি বা জমি দখল করতেন না। কিন্তু, যারা চাঁদাবাজি বা জমি দখল করে, তারা নিয়মিত আসলামের কাছে যেত এবং তাকে টাকার ভাগ দিত। তার নিজস্ব কিছু লোক আছে। কেউ আসলামের বিরোধিতা করলেই তার লোকেরা গিয়ে মারধর করে বা হুমকি দেয়।’

জামিন পাওয়ার ২৬ মাস পর গত ২৩ নভেম্বর ভোরে থাইল্যান্ড যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে রাজধানীর নিউমার্কেট এলাকায় গত ২৮ এপ্রিল গুলিতে নিহত খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় ঢাকার একটি আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। বর্তমানে আসলাম গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন।

ডিবি কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে আসলাম দাবি করেছেন, তেজগাঁও এলাকায় শুধু তার নামই যথেষ্ট।

আসলামকে উদ্ধৃত করে ডিবির এক কর্মকর্তা বলেন, ‘তিনি বলেছেন, অনেকেই সাহায্য নিতে তার কাছে আসতেন। তেজগাঁও এলাকায় রাজনীতির সঙ্গে জড়িত সবাই তার ছোট ভাই। তাই তিনি যা বলতেন, সবাই তা-ই শুনত।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সাবেক ছাত্রলীগ নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদুর রেজা ইরান আত্মগোপনে গেলে জামিনে মুক্তির পর তেজগাঁওয়ে নিজের রাজত্ব পুণরায় প্রতিষ্ঠা করতে শুরু করেন আসলাম।

স্থানীয় সূত্রের অভিযোগ, সহযোগীদের মাধ্যমে ইরানের নিয়ন্ত্রণে থাকা ফুটপাতের ব্যবসা ও কয়েকটি মার্কেটের নিয়ন্ত্রণ নেন আসলাম।

একসময় গ্রিন রোড ও ফার্মগেটের বিভিন্ন মার্কেটে, বিশেষ করে ক্যাপিটাল মার্কেটে ইরানের ব্যাপক প্রভাব ছিল। সেখানে মার্কেট মালিকদের ওপরও তার প্রভাব ছিল বলে জানা যায়। ইরান আত্মগোপনে যাওয়ার পর আসলাম সবকিছুর নিয়ন্ত্রণ নেন বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে আসলাম গ্রিন রোডে আনন্দ সিনেমা হলের বিপরীতে প্রায় দুই বিঘা জায়গাজুড়ে গড়ে ওঠা তিনতলা ক্যাপিটাল মার্কেটের সভাপতি।

স্থানীয় অন্তত পাঁচজন ব্যবসায়ীর অভিযোগ, পূর্ব রাজাবাজারের ফুটপাত এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে আসলাম টাকা নিতেন।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ঠিকাদারদের নিয়মিত যাতায়াত শুরু হয় আসলামের বাসায়।

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানায়, বিরোধ মীমাংসায় সহযোগিতা নিতেন এমন বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন আসলাম। এসব বিরোধ মীমাংসা করতে গিয়ে তার লোকজন অনেককে অপহরণ ও মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। তেজগাঁও কলেজ, ফার্মগেট ও আশপাশের আবাসিক এলাকায় এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

তেজগাঁও বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেন, এসব ঘটনার কিছু ঘটেছে দু-একজন সংসদ সদস্যসহ প্রভাবশালী রাজনীতিবিদদের কথায়।

গত বছরের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষের পর মারা যাওয়া এক শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গেও আসলামের সহযোগীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা ২০২৫ সালের ৬ ডিসেম্বর রাতে ওই সংঘর্ষে গুরুতর আহত হন। চার দিন পর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে তার সহপাঠীরা বিচারের দাবিতে মানববন্ধন করেন। ওই কর্মসূচিতে হামলা চালানো হলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রের ভাষ্য, এই হামলায় আসলামের কয়েকজন সহযোগী জড়িত ছিলেন।

গ্রেপ্তারের ভয়ে বাইরে চলাফেরার ক্ষেত্রেও বেশ সতর্ক হয়ে উঠেছিলেন আসলাম। সূত্র জানায়, আগস্টে গোয়েন্দারা ইন্দিরা রোডে তার বাসায় অভিযান চালায়। তবে সেদিন গোয়েন্দাদের চোখ এড়িয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।

এরপর চলাফেরা আরও সীমিত করেন সুইডেন আসলাম। মাঝেমধ্যে ফার্মগেট, রাজাবাজার ও ক্যাপিটাল মার্কেটে যেতেন তিনি।

Most Popular