Saturday, November 28, 2026
Homeবিনোদনআবারও সামরিক পোশাকে বিটিএসের ভি, কারণ কী?

আবারও সামরিক পোশাকে বিটিএসের ভি, কারণ কী?

দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক দায়িত্ব শেষ হলেও এখনো সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে বিটিএস সদস্যদের। কারণ, দেশটির নিয়ম অনুযায়ী সামরিক বাহিনীর রিজার্ভ সদস্য হিসেবে আরও কয়েক বছর প্রশিক্ষণ নিতে হবে। সম্প্রতি সেই প্রশিক্ষণে অংশ নিয়ে আলোচনায় এসেছেন বিটিএসের ভি।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে প্রথমবারের মতো রিজার্ভ ফোর্সের প্রশিক্ষণে অংশ নেন ভি। ১২ নভেম্বর নিজের ইনস্টাগ্রামে সামরিক পোশাক পরা কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে তার পোশাকে ‘স্পেশাল ওয়ারিয়র’ ও ‘রিপাবলিক অব কোরিয়া আর্মি’ লেখা চিহ্ন দেখা যায়। নামের জায়গায় লেখা ছিল ‘কিম তাই-হিউং’, যা হলো ভির আসল নাম।

২০২৫ সালের জুনে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর স্পেশাল ডিউটি টিমে প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর অব্যাহতি পান ভি। এরপরও নিয়ম অনুযায়ী তাকে রিজার্ভ ফোর্সের প্রশিক্ষণে অংশ নিতে হচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলক সামরিক দায়িত্ব শেষ করা পুরুষদের অব্যাহতির পর আট বছর পর্যন্ত রিজার্ভ ফোর্সের সঙ্গে যুক্ত থাকতে হয়। প্রথম ছয় বছর প্রতিবছর প্রশিক্ষণে অংশ নিতে হয়। প্রশিক্ষণের ধরন অনুযায়ী এর মেয়াদ ২৮ থেকে ৩২ ঘণ্টা হতে পারে।

বিটিএসের সদস্য জিন ও জে-হোপ ২০২৪ সালে সামরিক দায়িত্ব শেষ করেছেন। তাদের রিজার্ভ প্রশিক্ষণের দ্বিতীয় বছর চলছে। ২০৩০ সাল পর্যন্ত তাদের এ দায়িত্ব পালনের কথা। অন্যদিকে আরএম, সুগা, ভি, জিমিন ও জাংকুক ২০২৫ সালে সামরিক দায়িত্ব শেষ করেছেন। তাদের প্রশিক্ষণ চলবে ২০৩১ সাল পর্যন্ত।

এদিকে চলতি বছরের এপ্রিল থেকে ‘আরিরাং’ ওয়ার্ল্ড ট্যুরে আছে বিটিএস। আগামী মার্চ পর্যন্ত ২৩টি দেশের ৩৪টির বেশি শহরে কনসার্ট করার কথা তাদের। গত বৃহস্পতিবার তাইওয়ানে শুরু হয়েছে ট্যুরের এশিয়া পর্ব। এরপর থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা আছে।

Most Popular