বছরের পর বছর ধরে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণগুলো যে এবারই প্রথম সামনে এসেছে, বিষয়টি তেমন নয়। বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ, নিয়ন্ত্রক সংস্থা এবং নজরদারি প্রতিষ্ঠানগুলোও এ বিষয়ে সতর্ক করে আসছিল। ব্যাংকিং ব্যবস্থায় ঋণের পরিমাণেও তেমন কোনো আকস্মিক পরিবর্তন হয়নি, যে কারণে খেলাপি ঋণ হঠাৎ বেড়ে গেছে। অনাদায়ী ঋণ বা খেলাপি ঋণের এই উল্লম্ফনের মূল কারণ সংজ্ঞার পরিবর্তন।
বর্তমানে ঋণখেলাপি নির্ধারণের সংজ্ঞাটি আগের তুলনায় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। ব্যাংকখাতে শৃঙ্খলা বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো এ উদ্যোগের সুপারিশ করেছিল।
সংজ্ঞার পরিবর্তন আনলে খেলাপি ঋণ যে বাড়বে, তা অনুমেয়ই ছিল। এর ফলে দেখা যাচ্ছে, ব্যাংকগুলো ঋণ হিসেবে দেওয়া প্রতি ১০০ টাকার মধ্যে ৩৪ টাকাই আর ফেরত পাবে না।
ব্যাংকগুলো যে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল, কিংবা নিতে বাধ্য হয়েছিল, তা নিয়ে সন্দেহ ছিল না। তবে এর ফলে পুরো খাতটি যে এতটা ভয়াবহ সংকটের মুখে রয়েছে, সেটা স্পষ্ট হয়ে ওঠার ব্যাপারটাই হয়তো ছিল বিস্ময়ের। ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা, যা বাংলাদেশের জাতীয় বাজেটের প্রায় দুই-তৃতীয়াংশ।
আরও উদ্বেগের বিষয় হলো, এত অস্থিরতার মধ্যেও সেপ্টেম্বরে খেলাপি ঋণের হার বেড়ে ৩৩ দশমিক ৮ শতাংশ হয়েছে, যা জুনে ছিল ৩২ দশমিক ৮ শতাংশ। এটা দায়িত্বহীন ঋণ বিতরণের ইঙ্গিতই দেয়।
পরিস্থিতি আরও জটিল করে তুলেছে অর্থনৈতিক মন্দার মধ্যে এই হিসাবের সংশোধন। অন্তর্বর্তী সরকারের ১৮ মাস কেটেছে নানা অস্থিরতার মধ্য দিয়ে। অন্যদিকে, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে বিএনপি সরকারের সময়কালে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার ঘটনা ঘটে এবং এতে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে মন্দা দেখা দেয়। সবমিলিয়ে দেশের অর্থনীতির ওপর এর মারাত্মক প্রভাব পড়েছে।
এখনো উদ্যোক্তাদের ঋণের শ্রেণিবিন্যাস পরিবর্তনের সুযোগ দিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। কখনো নিয়মে খানিকটা পরিবর্তন আনা হচ্ছে, দেওয়া হচ্ছে ছাড়। এগুলো অবশ্য নতুন নয়। ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে পুনঃতফসিল করা, মূল টাকা পরিশোধের মাধ্যমে ঋণ নিষ্পত্তি করা কিংবা ঋণগ্রহীতাকে কিছুটা স্বস্তি দিতে কিস্তি পরিশোধ সাময়িকভাবে স্থগিত রাখার মতো ব্যবস্থা নেওয়া হয়।
কিন্তু এসব ব্যবস্থাও কার্যকর প্রমাণিত হচ্ছে না। এর থেকে বোঝা যায়, নমনীয় বিধিবিধান ও দুর্বল তদারকির সুযোগ নিয়ে কীভাবে অসাধু উদ্যোক্তারা নিজেদের স্বার্থ হাসিল করেছেন। অথচ, এসব বিধিবিধান বা ছাড়ের ক্ষেত্রে ইচ্ছাকৃত ঋণখেলাপি ও আর্থিক সংকটে পড়া ঋণগ্রহীতাদের মধ্যে কোনো পার্থক্য করা হচ্ছে বলে মনে হয় না।
এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি উদ্যোক্তারা স্থগিতাদেশ চাইতে গেলেও আদালতের দায়িত্ব হবে বিষয়টি খতিয়ে দেখে এই পার্থক্য নির্ধারণ করা। নিশ্চিত করতে হবে, এসব সুবিধা যেন ব্যবস্থার অপব্যবহারকারীরা না পান; বরং যারা পরিস্থিতির শিকার হয়েছেন, তারাই কেবল এর সুফল পান।
তবে শুধু এসব ব্যবস্থা নিলেই অর্থনীতিতে গতি ফিরবে না, কর্মসংস্থান সৃষ্টি হবে না কিংবা মজুরিও বাড়বে না। ছাড় দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একের পর এক প্রজ্ঞাপন ও নানা প্রণোদনা সত্ত্বেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কম থাকার বিষয়টি থেকেই তা স্পষ্ট। মানুষ বিনিয়োগ করছে না। এর সম্ভাব্য কারণ হলো, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত নিশ্চয়তা নেই।
আর্থিক প্রণোদনা, সুবিধা ও ঋণ পরিশোধে ছাড় দিয়ে এই পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না। আগের মতো পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না—এটা বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করাই এখন সরকারের অন্যতম করণীয়। স্পষ্ট বার্তা দিতে হবে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ ঋণখেলাপি হয়েও পার পাবে না। ব্যাংক লুটের সুযোগও কাউকে দেওয়া হবে না। যারা এ কাজ করেছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়িক নিয়মকানুন স্থিতিশীল ও অনুমানযোগ্য রাখতে সরকারকে সম্ভাব্য সব প্রভাব ও ক্ষমতা কাজে লাগাতে হবে।
