Tuesday, November 24, 2026
Homeবিদেশএফডিএ অনুমোদন পেল স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলি

এফডিএ অনুমোদন পেল স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলি

প্রাথমিক পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসায় দুই দশকের বেশি সময় পর নতুন একটি হরমোন থেরাপির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ‘উইলসার্ডলি’ নামের এই ওষুধ তৈরি করেছে সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সোমবার এফডিএ ওষুধটি ব্যবহারের অনুমোদন দেয়।

ওষুধটির জেনেরিক বা রাসায়নিক নাম গিরেডেস্ট্রান্ট। প্রাথমিকভাবে নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় এটি ব্যবহারের অনুমতি মিলেছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ওষুধটির তালিকা মূল্য নির্ধারণ করা হয়েছে মাসে ২২ হাজার ৫০০ ডলার বা প্রায় ২৮ লাখ ৬ হাজার টাকা (১ ডলার সমান ১২৪ দশমিক ৭০ টাকা ধরে)। ৩০ দিনের হিসাবে দৈনিক খরচ দাঁড়ায় আনুমানিক ৯৪ হাজার টাকা। তবে এই হিসাবে কোনো ধরনের মূল্যছাড় বিবেচনায় নেওয়া হয়নি। এ ছাড়া চিকিৎসায় রোগীদের অন্যান্য ওষুধেরও প্রয়োজন হতে পারে।

সুইজারল্যান্ডের বাসেলভিত্তিক রোশ আশা করছে, বাজারে আসার পর উইলসার্ডলি তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধে পরিণত হতে পারে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তেরেসা গ্রাহাম সাংবাদিকদের সঙ্গে এক ফোনালাপে বলেন, এটি কোম্পানির ইতিহাসে সবচেয়ে সফল ওষুধ হওয়ার সম্ভাবনা রাখে।

রোশ সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস না দিলেও গ্রাহাম আশা করছেন, উইলসার্ডলির সর্বোচ্চ বার্ষিক বিক্রি কোম্পানির বর্তমান শীর্ষ ওষুধ অক্রেভাসের কাছাকাছি হতে পারে। স্নায়ুর রোগ মাল্টিপল স্ক্লেরোসিসের চিকিৎসায় ব্যবহৃত অক্রেভাস (অক্রেলিজুমাব) ২০২৫ সালে ৭ দশমিক শূন্য ১ বিলিয়ন সুইস ফ্রাঁ আয় করেছে, যা প্রায় ৮ দশমিক ৩ বিলিয়ন ডলারের সমান।

এর আগে আরবিসি ক্যাপিটাল মার্কেটসের বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন, উইলসার্ডলির বার্ষিক বিক্রি সর্বোচ্চ প্রায় ১৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তাদের মতে, এটি স্তন ক্যানসারের অন্যতম প্রধান চিকিৎসা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

রোশ জানিয়েছে, ইউরোপে অনুমোদনের আবেদন জমা দেওয়ার আগে রোগীদের বেঁচে থাকার হারসংক্রান্ত আরও ক্লিনিক্যাল তথ্য সংগ্রহের অপেক্ষায় রয়েছে তারা। আগামী বছরের প্রথমার্ধে এসব তথ্য পাওয়া যাবে বলে আশা করছে কোম্পানিটি।

Most Popular