খুলনা মহানগরে গুলি চালানোর পৃথক চারটি ঘটনা ঘটেছে। এর মধ্যে দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আব্দুল হালিম খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কেসিসির ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।
হালিম কেসিসির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। টিপু কক্সবাজারে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর থেকে হালিমকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যেত না।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে চার রাউন্ড গুলি করে। দুটি গুলি মাথায়, একটি বুকে এবং আরেকটি চোখের কোণে লাগে। মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
হালিমের নামে কোনো মামলা আছে কি না, কারা এবং কী কারণে তাকে গুলি করা হয়েছে, এসব বিষয়ে পুলিশের এই কর্মকর্তা প্রাথমিকভাবে তিনি কিছু জানাতে পারেননি। তিনি জানান, ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।
এর আগে দুপুরে লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনা ঘটে। এরপর বিকেল সোয়া ৪টার দিকে নগরের সোনাডাঙ্গা থানার কাছাকাছি পালংকি রেস্তোরাঁয় গুলি চালায় দুর্বৃত্তরা।
এ ছাড়া, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া স্লুইস গেট এলাকায় একটি চায়ের দোকান লক্ষ্য করেও গুলির ঘটনা ঘটে। এ সময় প্রাণ বাঁচাতে দোকানে থাকা লোকজন খালে ঝাঁপ দেন। তবে এতে কেউ হতাহত হননি।
