বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে এসেছিলেন দেশের ঘরোয়া ফুটবলে। সেই স্বপ্ন পূরণও হয়েছে শুকি ইতোফুসার। এর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ ফুটবল লিগ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জাপানে বেড়ে ওঠা এই ফুটবলার। কারণ, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলে নিজেকে পরিণত করতে চান তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় দলের হয়ে আরও ভালো পারফরম্যান্স করাই তার লক্ষ্য।
মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হয়েছিল ফর্টিস। তবে সেই ম্যাচের দলে ছিলেন না শুকি। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে কুঁচকিতে পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি ২২ বছর বয়সী এই উইঙ্গার।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শুকি। জাপানি ভাষায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে বাংলাদেশ লিগ ছাড়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘উচ্চপর্যায়ের একটি ভালো লিগে ফুটবল খেলার ইচ্ছা আছে আমার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে আরও ভালো খেলতে, আরও উজ্জ্বল হতে অন্য কোনো লিগে নিজেকে উন্নত করতে চাই। কঠোর পরিশ্রম করে আবারও জাতীয় দলের হয়ে বাংলাদেশকে জয় এনে দিতে চাই।’
চলতি মৌসুমেই ফর্টিসে যোগ দিয়েছিলেন শুকি। এর আগে জাপানের পঞ্চম স্তরের লিগে খেলার অভিজ্ঞতা ছিল তার। গত ২৫ সেপ্টেম্বর ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় এই উইঙ্গারের। এরপর জাতীয় দলের হয়ে আরও চারটি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে আসিয়ান কাপে তিনটি এবং সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচে মাঠে নেমেছেন।
বাংলাদেশ ফুটবল লিগে তার অভিষেক হয়েছিল গত অক্টোবরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। তবে প্রথম পর্বের অর্ধেকও শেষ হওয়ার আগে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন শুকি। পরবর্তী গন্তব্য অবশ্য এখনো নিশ্চিত নয়। কোনো ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন কি না, এমন প্রশ্নে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি। ভাঙা ভাঙা ইংরেজিতে শুকি বলেছেন, ‘জানি না। খোঁজ চলছে। এজেন্ট কথা বলছে। আমি জানি না।’
তবে ফর্টিস কর্তৃপক্ষের সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। ক্লাবটির সভাপতি শাহীন হাসান জানিয়েছেন, শুকির লক্ষ্য প্রথমে ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ডের লিগে খেলা। এরপর সুযোগ পেলে জাপানের জে-লিগে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি।
শুকির এমন উচ্চাকাঙ্ক্ষাকে ইতিবাচকভাবেই দেখছেন ফর্টিস সভাপতি, ‘চুক্তির কথা বলে আমরা চাইলে ওর জন্য বিষয়টি কঠিন করে তুলতে পারতাম। কিন্তু আমরা ওর পথে কোনো বাধা তৈরি করতে চাই না। অন্য একটি লিগে খেলার ইচ্ছাটাও পূরণ করতে দিতে চাই।’
শুকির সঙ্গে ফর্টিসের চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। ফলে চাইলে তাকে ধরে রাখার সুযোগ ছিল ক্লাবটির। তবে সেই পথে না হেঁটে খেলোয়াড়ের ভবিষ্যৎকেই গুরুত্ব দিচ্ছে ফর্টিস।
ক্লাবটির ম্যানেজার রাশেদুল হাসান জানিয়েছেন, তিন দিন আগে ই-মেইলে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা আনুষ্ঠানিকভাবে জানান শুকি। সেই আবেদনের পর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা রয়েছে। শুকিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর আয়োজনও করবে ফর্টিস।
তবে বাংলাদেশ লিগ ছেড়ে দিলেও জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছায় কোনো পরিবর্তন আসেনি শুকির। বরং আরও ভালো লিগে খেলার মাধ্যমে নিজেকে প্রস্তুত করে জাতীয় দলে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি।
