ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মহারাসলীলা। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের জোড়া মণ্ডপে এই উৎসবের সূচনা হয়। প্রায় এক মাসের প্রস্তুতি শেষে পূর্ণিমা তিথিতে আয়োজিত এ উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা। বিদেশ থেকেও অনেকে যোগ দিয়েছেন।
আজ মঙ্গলবার উৎসব উপলক্ষে সাজানো হয়েছে পুরো এলাকা। মণ্ডপের কেন্দ্রে তৈরি করা হয়েছে গোলাকার ও সমতল পরিবেশন ক্ষেত্র, যা ‘কুঞ্জ’ বা ‘মণ্ডলী’ নামে পরিচিত। মাটিতে আঁকা হয়েছে নিপুণ আলপনা। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত মণিপুরি শিশুরা বাবা-মায়ের হাত ধরে মণ্ডপে আসতে শুরু করলে মুখর হয়ে ওঠে চারপাশ। এরপর সুরের মূর্ছনায় শুরু হয় রাখাল নৃত্য।
মহারাসলীলার দুটি প্রধান পর্ব রয়েছে। দিনের বেলায় শিশু-কিশোর শিল্পীরা গান ও নাচের মাধ্যমে তুলে ধরে ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের নানা ঘটনা। এ সময় মঞ্চে একটি আলোচনা সভাও আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথিরা দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন।
রাতে অনুষ্ঠিত হয় উৎসবের মূল আকর্ষণ মহারাসলীলা। মধ্যরাতে শুরু হওয়া এই পর্বে শিল্পীরা গান ও নাচের মাধ্যমে রাধা-কৃষ্ণের দিব্য প্রেম ও লীলাকে জীবন্ত করে তোলেন। ভোরে পূর্ণিমার চাঁদ ডোবা এবং দিনের আলো ফোটা পর্যন্ত চলে এই পরিবেশনা।
প্রতি বছরের মতো এবারও কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও মৈতেই মণিপুরি সম্প্রদায় পৃথকভাবে রাস উৎসবের আয়োজন করেছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা মাধবপুরের জোড়া মণ্ডপে এবং মৈতেই মণিপুরিরা আদমপুর গ্রামে উৎসবের আয়োজন করেছে। দুই স্থানেই বসেছে বিশাল মেলা।
মণিপুরি কালচার একাডেমির সাবেক সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ জানান, রাসলীলায় পরিবেশিত গানগুলো জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দদাসের মতো প্রখ্যাত বৈষ্ণব কবিদের রচিত পদাবলীর ওপর ভিত্তি করে তৈরি। ঐতিহাসিকভাবে এসব পদাবলী বাংলা, ব্রজবুলি, মৈথিলি ও সংস্কৃত ভাষায় রচিত হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে মণিপুরি ভাষাতেও রাসলীলার গান লেখা হচ্ছে।
সময়ের সঙ্গে সঙ্গে উৎসবের পরিবেশনাতেও পরিবর্তন এসেছে। একসময় মশাল কিংবা হ্যাজাক বাতির আলোয় রাসলীলা মঞ্চস্থ হতো। এখন তা হয় উজ্জ্বল বৈদ্যুতিক আলোর নিচে।
রাজেশ জানান, ১৭৭৯ সালে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র মহারাসলীলা প্রবর্তন করেন। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, রাজা কাঞ্চিপুরে অবস্থানকালে এক রাতে স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পান। স্বপ্নে শ্রীকৃষ্ণকে নিকটবর্তী ভানুমুখ পাহাড়ের একটি কাঁঠালগাছের রূপে দেখা যায়। পরদিন রাজা পাহাড়ে গিয়ে গাছটি খুঁজে পান। পরে সেটি কেটে রাজধানীতে নিয়ে যাওয়া হয়। রাজার স্বপ্নে দেখা রূপ অনুযায়ী শ্রীকৃষ্ণের কাঠের মূর্তি তৈরির দায়িত্ব দেওয়া হয় স্থানীয় এক প্রখ্যাত শিল্পীকে।
মূর্তিটির প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে রাজা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে মহারাসলীলার সূচনা করেন বলেও জানান রাজেশ।
রাজশাহী থেকে পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে উৎসবে এসেছেন রাকিবুল ইসলাম। তিনি জানান, বিশেষভাবে এই উৎসবে অংশ নেওয়ার জন্যই তারা রোববার মৌলভীবাজারে এসেছেন।
রাকিবুল বলেন, ‘আমরা এর আগে সুন্দরবনের রাসমেলায় গিয়েছি। কিন্তু মণিপুরি সম্প্রদায়ের এই অনন্য উৎসব উদযাপনের অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আজ সকাল থেকেই উৎসব উপভোগ করছি। প্রথমেই দেখেছি শিশুদের পরিবেশিত রাখাল নৃত্য। তাদের বর্ণিল ও স্বতন্ত্র পোশাক এবং পরিবেশনা ছিল অত্যন্ত চিত্তাকর্ষক। পুরো আয়োজনটিই চমৎকার।’
তিনি আরও বলেন, বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। এ ধরনের উৎসব দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিফলন ঘটায়। নিজেদের দেশে এমন সুন্দর ও অনন্য সাংস্কৃতিক আয়োজন প্রত্যক্ষ করা সত্যিই চমৎকার।
মাধবপুর মণিপুরি মহা রাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাদমুরারি সিংহ স্বপন জানান, প্রায় এক মাস ধরে উৎসবের প্রস্তুতি চলেছে। এতে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও অনেকে এসেছেন। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মাধবপুরের জোড়া মণ্ডপে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীর।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উৎসব উপলক্ষে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ১৬৬ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে ১৫ জন এবং ৩০ জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন।
