Tuesday, November 24, 2026
Homeখেলাএমবাপের পেনাল্টি মিসের রাতে এস্পির গোলে রক্ষা রিয়ালের

এমবাপের পেনাল্টি মিসের রাতে এস্পির গোলে রক্ষা রিয়ালের

স্পট কিক থেকে কিলিয়ান এমবাপের ব্যর্থতার মিছিল যেন থামছেই না। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবশেষ ছয় পেনাল্টির তিনটিই মিস করলেন এই ফরাসি তারকা। তবে শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে তার এই পেনাল্টি মিস রিয়াল মাদ্রিদের জন্য কাল হয়ে দাঁড়ায়নি। শেষ মুহূর্তে কার্লোস এস্পির জয়সূচক গোলে ঘরের মাঠে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা।

এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। তবে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে কাতালানরা। রোববার ঘরের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সা।

ম্যাচের শুরুতেই অবশ্য হোঁচট খেয়েছিল রিয়াল। খেলা শুরুর মাত্র ৬ মিনিটের মাথায় উইলিওট সুইডবার্গের নিচু ক্রস থেকে খুব কাছ থেকে বল জালে জড়িয়ে সেল্টা ভিগোকে এগিয়ে দেন পাবলো দুরান।

পিছিয়ে পড়ে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর সেল্টা ডিফেন্ডার হাভিয়ের রদ্রিগেজ এমবাপের হাত টেনে ধরলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক থেকে বল ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন এমবাপে।

চলতি মৌসুমে পেনাল্টি মিস করে এর আগেও দলের পয়েন্ট খুইয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরে রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে এবং বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জার্সিতেও পেনাল্টি মিস করেছিলেন এমবাপে। আগের দুবার নিচু শট নিয়ে গোলরক্ষকের হাতে ধরা পড়ায় এবার হয়তো উঁচু শট নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও ভাগ্য ফেরেনি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ৬৬ মিনিটে বক্সের ভেতর থেকে নিচু জোরালো শটে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান জুড বেলিংহাম। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন কার্লোস এস্পি। তার প্রথম হেডটি সেল্টা গোলরক্ষক ইওনুত রাদু ফিরিয়ে দিলেও ফিরতি শটে বল জালে পাঠাতে ভুল করেননি এস্পি। নিশ্চিত হয় রিয়ালের পূর্ণ তিন পয়েন্ট।

 

Most Popular