Thursday, November 26, 2026
Homeবাংলাদেশউদ্বোধনের চার বছর না যেতেই সংস্কার চায় বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল

উদ্বোধনের চার বছর না যেতেই সংস্কার চায় বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল

উদ্বোধনের মাত্র চার বছর পরই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে বড় ধরনের সংস্কার ও চিকিৎসা সরঞ্জাম পরিবর্তন প্রয়োজন বলে জানিয়েছে নবগঠিত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

৭৫০ শয্যার এই হাসপাতালে সংস্কার, কর্মীদের বেতন, চিকিৎসা সরঞ্জাম পরিবর্তনসহ অন্যান্য ব্যয় মেটাতে গতকাল সোমবার ১ হাজার ৪১০ কোটি টাকা বিশেষ বরাদ্দ চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের লক্ষ্য, হাসপাতালটিতে ‘বিশ্বমানের আধুনিক করপোরেট স্বাস্থ্যসেবা’ চালু করা।

তবে এসব সংস্কারকাজের আগেই আগামী বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে নিজস্ব জনবল দিয়ে সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য নিয়োগ কার্যক্রম চলছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, এত দিন বিএমইউর জনবল ও প্রশাসনিক সহায়তায় সীমিত পরিসরে হাসপাতালটির কার্যক্রম চলেছে। আগামী জানুয়ারি থেকে ধীরে ধীরে কোম্পানিভিত্তিক ব্যবস্থাপনায় চলে যাবে হাসপাতালটি।

১ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি ২০২২ সালের সেপ্টেম্বরে উদ্বোধন করা হয়। চলতি বছরের জুনে সংসদে বিএমইউ আইন সংশোধনের পর হাসপাতালটির নাম পরিবর্তন করে বিএমইউ সুপার স্পেশালাইজড হসপিটাল লিমিটেড রাখা হয়। সংশোধিত আইনে করপোরেট কাঠামোয় হাসপাতাল পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে।

প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠানটিতে বিএমইউর মালিকানা ৯০ শতাংশ এবং সরকারের ১০ শতাংশ।

মূলত বিদেশি ঋণের অর্থে নির্মিত হাসপাতালটির লক্ষ্য ছিল লিভার ও কিডনি প্রতিস্থাপন, হৃদ্‌রোগ ও স্ট্রোকের বিশেষায়িত চিকিৎসাসহ উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া। এর মাধ্যমে বাংলাদেশিদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন কমানোর পরিকল্পনা ছিল।

তবে হাসপাতালটির জন্য এখনো নিজস্ব জনবল নিয়োগ করা হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রক্রিয়া শুরু হলেও দুর্নীতির অভিযোগের মধ্যে তা বন্ধ হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের আমলে পরবর্তী উদ্যোগও সফল হয়নি।

চলতি বছরের শুরুতে বিএনপি সরকার গঠনের পর দায়িত্ব নেওয়া বিএমইউর নতুন প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করা ও প্রতিযোগিতামূলক বেতনে দক্ষ চিকিৎসক নিয়োগের জন্য করপোরেট কাঠামো প্রয়োজন।

গত ২৯ অক্টোবর চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পদে চুক্তিভিত্তিক ১ হাজার ১১৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, নিয়োগপ্রক্রিয়া চলছে। প্রায় ১৪ হাজার নার্স পদপ্রার্থীর লিখিত পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রায় ২০০টি মেডিকেল অফিসার পদের বিপরীতে আবেদন করা প্রায় ৭ হাজার প্রার্থীর পরীক্ষা ডিসেম্বরের শুরুতে নেওয়ার কথা রয়েছে।

বিশেষায়িত চিকিৎসাসেবা ও হাসপাতাল ব্যবস্থাপনার জন্য অভিজ্ঞ পেশাজীবীও খুঁজছে কোম্পানি কর্তৃপক্ষ। এর মধ্যে খাদ্য ও পানীয় ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োগ দেওয়ার বিষয়টিও রয়েছে।

অধ্যাপক আজাদ বলেন, হাসপাতালটি পুরোপুরি চালু করার আগে ব্যাপক সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, ‘অনেক চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোর অবস্থা খুবই খারাপ। এমনকি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), বাথরুম, কেবিনসহ হাসপাতালের অন্যান্য সুবিধাও মেরামত ও পরিবর্তন করতে হবে।’

হাসপাতালের অবকাঠামো ও সরঞ্জামের বর্তমান অবস্থা মূল্যায়ন ও নথিভুক্ত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দলকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। কারণ, বিএমইউ এখনো আনুষ্ঠানিকভাবে হাসপাতালের সম্পদ তাদের কাছে হস্তান্তর করেনি।

অধ্যাপক আজাদ বলেন, ‘জানুয়ারিতে প্রাথমিক পর্যায়ে সেবা চালু হওয়ার পরও কর্মী নিয়োগ ও সুযোগ-সুবিধা উন্নয়নের কাজ চলবে।’

গতকাল বিএমইউর উপাচার্য ও বিএমইউ সুপার স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এফ এম সিদ্দিকী ১ হাজার ৪১০ কোটি টাকা বরাদ্দের আবেদন এবং এর পক্ষে প্রয়োজনীয় ব্যাখ্যা ও নথি জমা দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে।

অধ্যাপক আজাদ বলেন, বেসরকারি হাসপাতালের তুলনায় উল্লেখযোগ্য কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।

তিনি বলেন, ‘কোনো চিকিৎসা পদ্ধতির জন্য বেসরকারি হাসপাতাল যদি পাঁচ লাখ টাকা নেয়, তাহলে আমরা সেটি চার লাখ টাকায় দেওয়ার লক্ষ্য রাখব। সেবার মান কমানো ছাড়াই রোগীরা যেন অন্তত এক লাখ টাকা সাশ্রয় করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, কোম্পানিটি অলাভজনক ভিত্তিতে পরিচালিত হবে। হাসপাতালের প্রাপ্ত আয় আবারও বিনিয়োগ করা হবে সেবার মান উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম কেনা ও অবকাঠামো উন্নয়নে।

Most Popular