Monday, November 23, 2026
Homeবাংলাদেশএবি পার্টির ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল, আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি

এবি পার্টির ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল, আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল-১। তবে তার দেওয়া ব্যাখ্যা গ্রহণ করে আদালত অবমাননার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ আদেশ দেন।

গত ১ নভেম্বর ফুয়াদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করেন ট্রাইব্যুনাল। ওই দিন প্রসিকিউশন জানায়, এবি পার্টির এক অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে নানা মন্তব্য করেন ফুয়াদ। তিনি অভিযোগ করেন, ‘বস্তা ভরে লেনদেন হচ্ছে।’ 

ট্রাইব্যুনাল তার এই বক্তব্য আমলে নেয়।

আজ ট্রাইব্যুনালে হাজির হয়ে ফুয়াদ বলেন, তার এই বক্তব্য বিচারপতিদের উদ্দেশ্য করে ছিল না। ভবিষ্যতে বক্তব্যের বিষয়ে তিনি আরও সতর্ক থাকবেন।

শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, বিচার বিভাগের দুর্নীতির বিষয়ে ঢালাও অভিযোগ করা যায় না। এ ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে হবে। ট্রাইব্যুনালের বিরুদ্ধে ঢালাও অভিযোগ মানুষকে বিভ্রান্ত করে এবং বিচার বিভাগের ওপর আস্থা নষ্ট করে।

আদালত অবমাননার দায়ে অতীতে শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড এবং আরও কয়েকজনকে শাস্তি দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন ট্রাইব্যুনাল।

Most Popular