Monday, November 23, 2026
Homeখেলাদক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে ব্যাপক রদবদল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে ব্যাপক রদবদল

দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে ব্যাপক রদবদল এসেছে। ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাসসহ পাঁচজন। বাদ দেওয়া হয়েছে গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে থাকা ছয়জনকে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্থায়ী ওয়ানডে অধিনায়ক হওয়ার পর এটাই হতে যাচ্ছে তার প্রথম সিরিজ। চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়েসহ আয়োজিত সবশেষ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আরও ফেরানো হয়েছে নাঈম শেখ, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক ও সৈয়দ খালেদ আহমেদকে।

ওপেনার নাঈম ও উইকেটরক্ষক-ব্যাটার জাকের সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৫ সালের অক্টোবরে, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে। মিডল অর্ডার ব্যাটার ইয়াসির এই সংস্করণে শেষবার মাঠে নেমেছিলেন ২০২৩ সালের মার্চে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর পেসার খালেদ সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

বিভিন্ন কারণে দলে জায়গা হারানো ক্রিকেটাররা হলেন সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ ও সৌম্য সরকার। তাদের মধ্যে পেসার হাসান কনুইয়ের চোটে ভুগছেন। আর ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া স্পিনার আলিস অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন।

আগামী ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচের ভেন্যু ইস্ট লন্ডন, দ্বিতীয়টির গেবেরহা ও তৃতীয়টির কেপটাউন। দিবারাত্রির সবগুলো খেলা বাংলাদেশ সময় অনুসারে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে।

বাংলাদেশের ওয়ানডে দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Most Popular